দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। ১৬ মার্চ জিয়া হায়দার স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে ছিল কথামালা, রবীন্দ্র ও লালনগীতি, আধুনিক গান, আবৃত্তি, নাচ ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনী।
প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শুরুতে ছিল কথামালা। অসীম দাশের সভাপতিত্বে অংশ নেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক সেকান্দর চৌধুরী, সহযোগী অধ্যাপক কুন্তল বড়ুয়া ও শামীম হাসান।
কথামালার পর ছিল নতুনদের বরণের আনুষ্ঠানিক পর্ব। এরপর বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করেন গান, নাচ ও আবৃত্তি। নিজস্ব পরিবেশনার পর প্রদর্শিত হয় স্নাতকোত্তরের শিক্ষার্থীদের নির্মিত ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছিন্নপত্র, সাগর দ্বীপ হাতিয়া, বৃত্ত, খনিক, তাৎপর্যবিহীন, কাঠের পুতুল, ফাইনাল ফ্রিডম, আঁধার, মাইন্ড গেইম এবং শেষ প্রহর।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পরই অন্তু, অয়ন, লিমা ও ধর্মরাজের গান আসর মাত করে। তাঁরা পরিবেশন করেন ‘আমি যারে বাসি ভালো’, ‘বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি’ ও ‘তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না’। গানের পরই অনুষ্ঠান হাস্যরসে মাতিয়ে তোলেন মীরাক্কেলের প্রতিযোগী মো. কায়কোবাদ। বিভাগের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।