গান গেয়ে পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরাগ চক্রবর্তী
পরাগ চক্রবর্তী

মাত্র সাড়ে তিন বছর বয়সে মায়ের হাত ধরে যে সংগীতপ্রতিভার সঙ্গে পরিচয়, সেই প্রতিভাই দিনে দিনে জড়িয়ে গেছে পরাগের কণ্ঠের সঙ্গে, হয়েছে গলার হার। পরাগ চক্রবর্তী এখন পড়ছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। ঢাকায় ফিরলে কথা হয় পরাগের সঙ্গে। ‘আমি ২০১৩ সালে ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতীয় ধ্রুপদি সংগীতের ওপর স্নাতক পড়তে গেছি ওখানে’ বলছিলেন পরাগ।
শেলফে সাজানো সারি সারি পদক আর ক্রেস্টের দিকে তাকিয়ে আরেকবার নস্টালজিয়ায় ডুব দেন পরাগ। আর এই সুযোগে আমাদের জানা হয়ে যায়, সেই ছোট্টটি থাকতেই জাতীয় শিশুকিশোর প্রতিযোগিতায় জেলা পর্যায়ে হয়েছেন প্রথম আর বিভাগীয় পর্যায়ে হয়েছেন দ্বিতীয়। বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি-২০০২’ প্রতিযোগিতায় শাস্ত্রীয় সংগীতে হয়েছেন প্রথম আর নজরুলসংগীতে হয়েছেন দ্বিতীয়। এ ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক শিশুকিশোর মেলাসহ অসংখ্য প্রতিযোগিতায় শাস্ত্রীয় সংগীত, নজরুলসংগীত ও দেশাত্মবোধক-প্রতিটি শাখাতেই হয়েছেন প্রথম। শুধু তা-ই নয়, পরাগ ২০০০ সাল থেকে শিশুশিল্পী হিসেবে এবং ২০১২ সাল থেকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নজরুলগীতি ও শাস্ত্রীয় সংগীতের তালিকাভুক্ত শিল্পী।
আমরা তাঁর সম্পর্কে আরো জানতে আগ্রহী হই। পরাগের স্মৃতি উসকে দিই। তিনি বলে যেতে থাকেন, এর আগে সাত বছর নজরুল একাডেমিতে ধ্রুপদি সংগীত আর নজরুলগীতির ওপর তালিম নিয়েছেন তিনি। সেখানে তাঁর শিক্ষক ছিলেন ওস্তাদ জাকির হোসেন, খালিদ হোসেন, সোহরাব হোসেন, সুধীন দাস, মাহিদুল ইসলাম, ফাতেমা-তুজ-জোহরা ও সালাহউদ্দীনের মতো খ্যাতিমান সংগীতজ্ঞরা। এরপর তিনি ছায়ানট সংগীত বিদ্যায়তনে তিন বছর ধ্রুপদি গান শিখেছেন ওস্তাদ অনুপ বড়ুয়ার কাছে। এ ছাড়া তিনি তালিম নিয়েছেন পণ্ডিত সুনীল কুমার মণ্ডল, দেশবরেণ্য নজরুলসংগীতশিল্পী শবনম মুস্তারীর কাছে। তিনি ভারতীয় ধ্রুপদির ওপর কর্মশালা করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশাস্ত্রী ‘বন্দিশ-এ নেওয়াজ’ ওস্তাদ মাশকুর আলী খান সাহেবের কাছে। এ ছাড়া শ্রীমতি কৃষ্ণা মজুমদার ও শ্রীমতি কোয়েল দাশগুপ্তা নাহার কাছে বাংলা ধ্রুপদি গানের তালিম নিচ্ছেন।
পরাগের শৈশব কেটেছে ঢাকার মতিঝিলে মা-বাবার সঙ্গে। বাবা হারাধন চক্রবর্তী একজন গ্রাফিক ডিজাইনার আর মা শিখা চক্রবর্তী গৃহিণী। পরাগ মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।
পরাগ গানের পাশাপাশি লেখালেখি করতে ও ছবি আঁকতে ভালোবাসেন। ভবিষ্যতের কথা জানতে চাইলে মিষ্টি হেসে বলেন, ‘শুধু গান গেয়েই আমার পরিচয় প্রতিষ্ঠিত হোক। আর ভবিষ্যতে নিজেকে একজন সংগীত আয়োজক হিসেবেই দেখতে চাই।’