গান গেয়ে পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিন তুনাজ্জ্বিনা রাদিত
নাহিন তুনাজ্জ্বিনা রাদিত

যে গলায় স্টেথোস্কোপ ঝোলে, সেই গলাতেই খেলা করে সুর। যে হাত রোগীর পালস মাপে, সেই হাতই সুর তোলে হারমোনিয়ামের রিডে। এমনটা হয় নাকি? যাঁরা চিকিৎসাবিদ্যায় পড়েন, আর যাঁরা সংগীত সাধনা করেন, তাঁরা জানেন এ দুই দেবীকে এক বেদিতে বসানো কী কঠিন কাজ! নাহিন তুনাজ্জ্বিনা রাদিতকে প্রতিদিন তাই-ই করতে হয়। সেই সাধনা কেমন, কতটা কষ্টসাধ্য, শুরু আর শেষ কোথায়—সবকিছুই আদ্যোপান্ত জানা হয় তাঁর সঙ্গে আলাপচারিতায়।
রাদিত জানান, তিনি পড়ছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (এসজেডএমসি) তৃতীয় বর্ষে। গানের চর্চা করছেন একেবারে ছোটবেলা থেকে। এই চর্চা তাঁকে ইতিমধ্যেই এনে দিয়েছে খ্যাতি আর পরিচিতিও। তাঁর নীল নয়না অ্যালবামের শিরোনাম গানটি ইউটিউবে এ পর্যন্ত ১৫ লাখের বেশি বার শুনেছেন তাঁর অনুরাগী শ্রোতারা। এ ছাড়া ইমরানের সঙ্গে আরেকটি গান ‘হৃদয়ের পাতায়’ দেখা হয়েছে ১২ লাখের বেশি। রাদিতের মিশ্র অ্যালবাম রয়েছে আটটি, আর তাঁর একমাত্র অ্যালবাম নীল নয়না বেরিয়েছে ২০১৪ সালের রোজার ঈদের উৎসবের সময়ে।
ভোর দেখেই নাকি বোঝা যায় দিনটা কেমন যাবে। রাদিতও তাঁর জীবনের ভোরবেলাতেই জানান দিয়েছিলেন তাঁর প্রতিভার। সেটা আট বছর বয়সের কথা। তখন এটিএন বাংলার শাপলা শালুক প্রতিযোগিতায় লোকসংগীত বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক পেয়েছিলেন রাদিত।
এসব অর্জন আর কৃতিত্বের কথা উঠতেই রাদিত স্মরণ করেন তাঁর মা আর গান শেখার ওস্তাদদের। ‘মা-ই আমার গানের সমস্ত অনুপ্রেরণা। ছোটবেলায় মা এবং সান্টু স্যারের কাছেই আমার সারেগামার হাতেখড়ি। স্কুল পড়ার সময়ে ধ্রুপদি গান শিখেছি ওস্তাদ তমাল কান্তি লাহিড়ীর কাছে। তারপর ঢাকায় থাকার প্রায় পুরোটা সময় তালিম নিয়েছি ছায়ানটের শিক্ষক মৃত্যুঞ্জয় মজুমদারের কাছে। এখনো ঢাকায় ফিরলে তিনিই আমার গানের গুরু, শেখার আশ্রয়।’ বলেন রাদিত।
রাদিতের শৈশব-কৈশোর ছিল অনেকটাই বোহেমিয়ান। বাবার চাকরির সুবাদেই এমনটা হয়েছে জানালেন তিনি। বাবা চিকিৎসক হিসেবে সেনাবাহিনীতে কর্মরত। তাঁর বদলির সঙ্গে সঙ্গে বদলে গেছে রাদিতের জীবন। লেখাপড়ার শুরুটা নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্কুলে। তারপর কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল, রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে হয়ে আবার ঢাকায়। ঢাকার শহীদ লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে এখন বগুড়ায়, চিকিংসা বিজ্ঞানের শিক্ষার্থী। এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে এ প্লাস নিয়ে দুবারই পেয়েছেন জিপিএ-৫। রাদিত অষ্টম শ্রেণিতেও পেয়েছেন বৃত্তি।
মেডিকেল কলেজের কঠিন পড়ালেখার ভুবনে সময় বের করা আরও কঠিন। রাদিত তবু সেই কঠিনেরেই ভালোবেসেছেন। নিয়মিত গানের চর্চা তো করেনই, পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন, নাচ করেন, অভিনয় করেন এবং ক্যাম্পাসের বিভিন্ন অনুষ্ঠানে সংগঠকের ভূমিকাও পালন করেন। রাদিত জানান, ইতিমধ্যে তিনি দুই বছরের জন্য ব্যাচ মনিটর (বিপি) হিসেবে ভোটে নির্বাচিত হয়েছেন।
আর কতদূর যেতে চান এই মেধাবী? রাদিত হেসে বলেন, ‘যেতে হবে বহুদূর।’ তবে তাঁর যাওয়ার পথ যে শুধুই সংগীত, সেটা স্মরণ করিয়ে দিতে একটুও দেরি করেন না, ‘জীবনে যা কিছুই করি না কেন, গানের চর্চার সঙ্গেই থাকতে চাই।’