‘দিনবদলের দিনে জাগুক প্রাণ, নতুন কথায় ও গানে’ স্লোগানে ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০১১। সপ্তাহজুড়ে ছিল কবিতা, বিতর্ক, অভিনয় ও গানের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশাত্মবোধক, আধুনিক ও লোকসংগীত—তিনটি বিভাগেই প্রথম হয়ে চ্যাম্পিয়ন হন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সাফিয়া আফরোজ। জামালপুরের মেয়ে সাফিয়া ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশাত্মবোধক গান ও লোকগীতিতে স্বর্ণপদক পেয়েছিলেন। সব গানই ভালো লাগে, তবে লোকগীতিই বেশি টানে সাফিয়াকে।অন্যদিকে মাকছুরা আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও উচ্চাঙ্গসংগীতে প্রথম হয়ে। মাকছুরা সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। মায়ের অনুপ্রেরণাতেই গান গাইতে শুরু করেন মাকছুরা। একাধিকবার জাতীয় শিশু পুরস্কার পেয়েছেন তিনি। ছায়ানটের ছাত্রী মাকছুরা শুধু ইডেন কলেজেই নয়, প্রতিভার স্বাক্ষর রেখেছেন ছায়ানটে রবীন্দ্রসংগীত বিভাগে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত প্রথম স্থান অধিকার করে।এ ছাড়া আবৃত্তি, গল্প বলা, বিতর্ক বিষয়ে একাধিক পুরস্কার পেয়েছেন ফাহমিদা হামিদ ও রোকেয়া ইয়াসমিন। দীপা রায়, আফরোজা, রিভা, তন্দ্রাসহ আরও অনেকে অংশ নেন গান, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠানে। সমাজকর্ম বিভাগের শিক্ষক মোস্তারী সালেহীন অনুষ্ঠান সঞ্চালনা করেন।