গান নাচ কবিতায় বর্ষাবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে বর্ষা মানেই সংগীতের আসর এখানে-ওখানে। এর ব্যতিক্রম হয়নি এবারও। আষাঢ়ের শুরু থেকেই চলছে বর্ষাবরণের নানা আয়োজন। এই পরিক্রমায় ৯ জুলাই ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ শিরোনামে বর্ষা বরণের আয়োজন করেন চট্টগ্রাম বন্ধুসভা। নাচে, গানে ও কবিতায় বর্ষাবন্দনে মেতে ওঠেন বন্ধুরা।শুরুতেই ছিল বন্ধুদের অংশগ্রহণে দলীয় পরিবেশনা—‘পাগলা হাওয়ার বাদল দিনে’। এরপর সায়মা আক্তারের কণ্ঠে ‘মেঘলা আকাশ মেঘলা দিনে’ গানটি জমিয়ে তোলে অনুষ্ঠান। নাসরিন আক্তার আবৃত্তি করে শোনান ‘বৃষ্টি চিহ্নিত ভালোবাসা’ কবিতাটি। বন্ধু মোহাম্মদ আশরাফুলের ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটির সঙ্গে গলা মেলান উপস্থিত বন্ধুরা।‘বর্ষা’ শিরোনামের স্বরচিত কবিতা পাঠ করে সকলকে মুগ্ধ করেন মিজান বোখারি। এরপর বর্ষা নিয়ে কথামালা নিয়ে আসেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তাঁর কথামালায় উঠে আসে বৃষ্টি ও বর্ষার সঙ্গে কবিতার মেলবন্ধন। তিনি বলেন, বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে বর্ষা একমাত্র দৃশ্যমান ঋতু। বৃষ্টি শুধু অনুভবের নয় দৃশ্যমান। তাই যুগে যুগে কবিদের কবিতায় রয়েছে বর্ষার প্রভাব। এরপর ছিল দ্বৈত কণ্ঠে গান। ‘আমার সারাটা দিন’ গানটি পরিবেশন করেন উৎপল মল্লিক ও সায়মা আক্তার। ‘প্রেম এসেছিল নীরবে’ কবিতাটি সঞ্জয় বিশ্বাস ও ‘বাঁশি’ কবিতাটি আবৃত্তি করেন মিনহাজ হোসাইন। এ ছাড়া এই আয়োজনে সংগীত পরিবেশন করেন নুসরাত জাহান, তূণীর চৌধুরী ও রাজীব দাশ। কবিতা আবৃত্তি করেন নাজিফা আক্তার, শামিম হাসান ও জেনি আক্তার। সবশেষে ‘আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে’ গানটির দলীয় পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।