‘তখন ক্লাস সেভেন কি এইটের ছাত্র। সদ্য হারমোনিয়াম বাজানো শিখে তুলে ফেললাম মাহমুদুন্নবীর “বড় একা একা লাগে” গানটি। তো একদিন বাসায় হারমোনিয়াম বাজিয়ে গানটি গাইছি। হঠাৎ দেখি দরজার সামনে এক লোক দাঁড়িয়ে। সেদিকে তাকাতেই তিনি বললেন, ‘‘থামলে কেন, গাও, বেশ ভালো গাইছিলে।’’ তিনি ছিলেন গীতিকার ও সুরকার বাণী কুমার চৌধুরী। আমাদের প্রতিবেশী এই শিল্পীর কাছেই প্রথম গানের তালিম নিয়েছিলাম।’সুরকার সাইফুদ্দীন মাহমুদ খান। প্রায় চার দশক ধরে সংগীতজগতের সঙ্গে সম্পর্ক। শুরুটা কীভাবে হয়েছিল, জানতে চাইলে এমন বিবরণই তুলে ধরেছিলেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া এই শিল্পী এখন পর্যন্ত তিন হাজারের মতো গানে সুর করেছেন। ১৯৭৮-এ টেলিভিশনের আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকভুক্ত হন। সংগীত-শিক্ষাপ্রতিষ্ঠান আর্যসংগীতের ছাত্র ছিলেন। তালিম নিয়েছেন ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার কাছ থেকে। গান গাওয়া ও সুর করার পাশাপাশি নাটকের আবহসংগীত করেছেন। আশির দশকে চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছেন।গানের সঙ্গে সম্পর্ক একেবারেই ছেলেবেলা থেকে। বড় ভাই মনসুর মাহমুদ খান গান গাইতেন। তাঁকে দেখেই মূলত গাওয়ার ইচ্ছা জাগে। একসময় রেকর্ডের গান শুনে গাইতে চেষ্টা করতেন। স্কুলে প্রতি বৃহস্পতিবার শেষ ক্লাসে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। সেখানে তিনি প্রায়ই গাইতেন, কিন্তু হারমোনিয়াম বাজাতে পারতেন না। সহপাঠী জাহাঙ্গীর মাহমুদ হারমোনিয়াম বাজাতে জানতেন। তাঁর কাছেই শিখেছেন হারমোনিয়াম বাজানো।চলচ্চিত্রের প্লে-ব্যাক করেছেন। কিন্তু অনেকের মতো এই মাধ্যমে থিতু হননি কেন, জানতে চাইলে সাইফুদ্দীন মাহমুদ খান বলেন, ‘ঢাকায় থাকি না, তাই প্লে-ব্যাক নিয়মিত করা হয় না। চলচ্চিত্রে সর্বশেষ যে গানটি করেছি, তা-ও হঠাৎ গাওয়া। নিজের অ্যালবামের কাজ করতে গিয়েছিলাম ঢাকায়। তখন সুরকার প্রণব ঘোষের অনুরোধে চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিই। এই গানটি আসলে খালিদ হাসান মিলুর গাওয়ার কথা ছিল। কিন্তু মিলু বিদেশে থাকায় আমাকেই গাইতে হয়।’ঢাকায় থাকলে কি কাজ করার সুযোগ বেড়ে যেত? এমন প্রশ্নের পর একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস যেন শোনা গেল। সাইফুদ্দীন বলেন, ‘এখন একটু আফসোসই হয়। আমি গান শুরু করেছি তপন চৌধুরীর সঙ্গে। কুমার বিশ্বজিৎ ও আইয়ুব বাচ্চু বয়সে আমার ছোট। তাঁরা এখন দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা। সময়মতো ঢাকা যেতে পারলে বাংলাদেশের মানুষ আমাকেও হয়তো চিনত। কিন্তু অল্প বয়সে জনপ্রিয়তার পেছনে ছুটিনি। চট্টগ্রামেই থাকতে চেয়েছি। মনে হয়, খানিকটা ভুলই করেছি।’সাইফুদ্দীন মাহমুদের সুরে বেতার ও টেলিভিশনে বহু খ্যাতনামা শিল্পী গান করেছেন। তাঁদের মধ্যে আছেন শিল্পী রফিক চৌধুরী, আবদুল মান্নান রানা, মো. মোস্তফা কামাল ও কল্পনা লালার মতো শিল্পীরা। তাঁর একক অ্যালবামের ক্যাসেট বেরিয়েছে দুটি, একটি দ্বৈত ও দুটি মিশ্র অ্যালবামেও কাজ করছেন।সংগীতই সাইফুদ্দীনের জীবন। যত দিন বাঁচবেন, গান নিয়েই বাঁচার ইচ্ছে তাঁর। তিনি বলেন, ‘গানের কারণে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। গানই আমার পেশা। মাঝে অবশ্য অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত করা হয়নি। আসলে শিল্পীদের দিয়ে ব্যবসা-বাণিজ্য, চাকরি হয় না। এখন তাই শুধু গানই করছি।’৩৮ বছরের শিল্পীজীবনে সুখের স্মৃতির পাশাপাশি অনেক কষ্টের স্মৃতিও আছে। একবার গান গাইতে গ্রামে যাচ্ছিলেন। পথে গাড়িটি একটি খাদে পড়ে থামের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় তাঁর হাতের একটি আঙুল থেঁতলে যায়। ওই অবস্থায়ই ব্যান্ডেজ করে কোনোমতে অনুষ্ঠানে গান করেন। পরদিন সকালে শহরে ফিরে শুনতে পান, তাঁর নানি মারা গেছেন। খুব ভালোবাসতেন তাঁকে নানি। প্রতিদিন বাসায় না ফেরা পর্যন্ত বসে থাকতেন সাইফুদ্দীনের জন্য। সবাই বলেছিল, নানি তাঁকে বেশি ভালোবাসতেন বলেই সড়ক দুর্ঘটনার ধাক্কা তাঁর ওপর দিয়েই গেছে।আরেকবার গান করতে গিয়েছিলেন দুবাই। সেখানে যাওয়ার পর শুনতে পান, মা মারা গেছেন। সময়মতো ফিরতে পারেননি, মায়ের কাছে থাকতে পারেননি শেষ মুহূর্তে। এই স্মৃতিগুলো তাঁকে এখনো কাঁদায়।এই প্রজন্মের শিল্পীরা অনেক ভালো গান করছেন বলে মনে করেন তিনি।সাইফুদ্দীন মাহমুদ খান বলেন, ‘নবীন শিল্পীরা প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে। ওদের মধ্যে অনেক সম্ভাবনা আছে। তারা বেশ ভালোই গান করছে। অনেকেরই ভিতটা বেশ মজবুত। ওরা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমার বিশ্বাস।’