গান যেন অন্যের বিরক্তির কারণ না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ফ্ল্যাটে গান শুনছেন, খেয়াল করেছেন গানের শব্দ নিজের ঘর ছাড়িয়ে প্রতিবেশীর বিরক্তির কারণ হচ্ছে না তো? আবার বাড়িতে কোনো উৎসব আয়োজনে উচ্চ শব্দে চলছে গান তখনো খেয়াল করছেন না প্রতিবেশীর সমস্যা হচ্ছে কি না! আজকাল গায়েহলুদের অনুষ্ঠান কিংবা জন্মদিনের উৎসবে বাসার সবাই মিলে একটু হইহুল্লোড় করে মজা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যখন ফ্ল্যাট বাসায় এই আয়োজন করা হয়, তখন পরিস্থিতিটা বোধহয় একটু ভিন্ন হয়ে যায়। দেখা যায়, মাঝেমধ্যে এমন আয়োজনে ফ্ল্যাট পেরিয়ে বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছায় গানবাজনার রেশ। কিন্তু তখন কেমন অবস্থা তৈরি হয় পাশের ফ্ল্যাটে থাকা রোগী কিংবা পরীক্ষার্থীর জন্য, একবারও কি তা ভেবে দেখেছেন? এ জন্য পাশের ফ্ল্যাটের প্রতিবেশী হয়তো কখনোসখনো অভিযোগ করেন মালিক সমিতিতে। এটি হয় আপনার জন্য দারুণ অপমানজনক। আবার সাময়িক এই সমস্যা তৈরির জন্য আপনাকে পড়তে হতে পারে আইনি ঝামেলায়। এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন) মাসুদুর রহমান বলেন, ‘ভালো থাকা যেমন আপনার অধিকার, তেমনি দায়িত্ব রয়েছে আপনার পড়শিকে ভালো রাখার। এতে ব্যাঘাত ঘটালে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, গণ-উপদ্রব সৃষ্টির জন্য ২৮৬ ধারায় আর্থিক জরিমানা হতে পারে।ঘরোয়া অনুষ্ঠানের যেকোনো আয়োজনে অংশ নেয় প্রতিবেশী। শুধু তা-ই নয়, যেকোনো সমস্যায়ও এগিয়ে আসে পাশের ফ্ল্যাটের পরিবারটি। ঢাকার কলাবাগানের বশির উদ্দিন রোডের ডম ইনো ফ্ল্যাটের মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাহিদ কবির বলেন, ‘আমরা চাই সবার সম্মতি সাপেক্ষে আমাদের অ্যাপার্টমেন্টে অনুষ্ঠান করতে।’ তিনি জানান আরও কিছু নিয়মকানুনের কথা:পাশের ফ্ল্যাটে থাকা প্রতিবেশীর শ্রবণে সমস্যা হয়, এমন উচ্চ শব্দে গান না বাজানো উচিত।ছাদে যেকোনো আয়োজন করতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে ফ্ল্যাট মালিক সমিতির। এ জন্য প্রয়োজন হলে লিখিত আবেদনও করতে হতে পারে।যেকোনো আয়োজন মধ্যরাতের আগে করা উচিত।অনুষ্ঠানে বাদ্যবাজনা, যেমন: ডিজে পার্টি, মিউজিক জ্যামিং প্রভৃতি মধ্যরাতের আগেই শেষ করতে হবে। মধ্যরাতের পরও যদি অনুষ্ঠান চালাতে হয়, তবে বাদ্যবাজনা বন্ধ রাখতে হবে।বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা করলে অবশ্যই তা বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকিমুক্ত, সেটা মালিক সমিতিকে নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে এমন কোনো রঙিন আলো ব্যবহার করা যাবে না, যা চোখের ক্লান্তি তৈরি করে।