
সংগীত বা গান শোনার পাশাপাশি আপনি ব্যায়ামের মতো পরিশ্রমের কোনো কাজও করতে পারেন। এতে আপনি বাড়তি উদ্যম পাবেন। পাশাপাশি কাজটাও হয়ে উঠতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি উপভোগ্য। এ ক্ষেত্রে সংগীত বাছাই করতে হবে আপনার পছন্দমতো। আপনি নিশ্চয়ই জানেন, কোন ধরনের সংগীত আপনার ভালো লাগে। তাহলে সেই অনুযায়ী সাজিয়ে নিন গানের সংগ্রহ। আর ব্যায়াম করার পাশাপাশি শুনতে থাকুন। শরীরচর্চায় আনুন নতুন ছন্দ।
প্রেরণায় সংগীত: সংগীত আপনার কঠিন কাজে দীর্ঘস্থায়ী প্রেরণা জোগাতে পারে। যুক্তরাজ্যের নরউইচে অবস্থিত ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও মনোবিজ্ঞানী ডেভিড-লি প্রিস্ট এমনটাই মনে করেন। তিনি বলেন, সংগীত মানুষের জন্য সহায়ক। কারণ, এটি আপনাকে ক্লান্তি থেকে মুক্ত রাখে। যেমন: ব্যায়াম করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে থেমে যেতে চাইলেও যদি তখন গান বাজতে থাকে এবং বন্ধ না হয়, আপনিও ব্যায়াম চালিয়ে যেতে অনুপ্রাণিত হবেন।
তবে গানের সুরের লয় ও মাত্রা আপনার কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই। যদি সংগীত দ্রুত লয়ের হয়, তা আপনার কাজের নৈপুণ্যে সহায়ক না-ও হতে পারে। গানটা হতে হবে উপভোগ্য ও সহনীয় এবং আকর্ষণীয়। লন্ডনের ব্রুনেল ইউনিভার্সিটির ক্রীড়া মনোবিজ্ঞান বিশেষজ্ঞ কোস্টাস কারাজর্জিস ব্যায়াম বা শরীরচর্চার ওপর সংগীতের প্রভাব নিয়ে ২০ বছরের বেশি সময় ধরে গবেষণা করছেন। তাঁর মতে, ব্যায়ামে সহায়ক সংগীতের একটি নির্দিষ্ট লয় রয়েছে। সেই স্বরকম্প প্রতি মিনিটে ১২০ থেকে ১৪০ বার হলে ভালো।
সংগীতের সুফল: গানের প্রতি আপনি যেমন সাড়া দেন, তা দেখে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অন্যরা ধারণা পেতে পারে। যদি অধিকাংশ মানুষের মতো আপনি সপ্তাহে সীমিত মাত্রায় শরীরচর্চা করেন, সংগীত আপনার জন্য অবশ্যই একটি বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এটা অনেকটা পাউরুটির ওপর দেওয়া সসের মতো। গানের প্রতি মনোযোগ রাখলে ব্যায়ামের পরিশ্রমটা সহ্য করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তবে আপনি যদি ক্রীড়াবিদ এবং অতিমাত্রায় পরিশ্রমে অভ্যস্ত হয়ে থাকেন, তখন সংগীত আপনার জন্য নতুন করে সহায়ক না হওয়াটাই স্বাভাবিক।
ব্যায়ামের জন্য গান বাছাই: নিজের পছন্দমতো গান বাছাই করুন। তবে সেটা আপনার ব্যায়াম ও মেজাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনার হৃৎস্পন্দনের সঙ্গে যদি গানটির ছন্দ ও তাল মিলে যায়, তাহলে ভালো হয়। তবে ব্যাপারটা আপনার ব্যায়ামের ধরনের ওপর নির্ভর করবে। যখন ব্যায়াম শুরুর পর্যায়ে আপনি শরীর একটু একটু করে গরম করতে চাইবেন অথবা ব্যায়াম শেষে বিশ্রামের দিকে যেতে থাকবেন, তখন হালকা লয়ের গান শুনতে পারেন। আর দ্রুত পদক্ষেপের শরীরচর্চা বা ব্যায়াম করার সময় দ্রুতলয়ের গান বাছাই করাটাই ভালো।
আওয়াজের মাত্রা নির্ধারণ: সংগীতের আওয়াজ বা ভলিউম নির্ধারণ করুন আপনার সহনীয় মাত্রা অনুযায়ী। কানাডার মিউজিশিয়ানস ক্লিনিকের শব্দ বিশারদ মার্শাল চাসিন বলেন, অতি উচ্চ শব্দে গান শোনার কিছু কুফল রয়েছে। এতে আপনার কানে অনেক চাপ পড়ে। বাড়াবাড়ি মাত্রায় সংগীত শুনলে সাময়িক বধিরতায়ও আক্রান্ত হতে পারেন। তাই এ ক্ষেত্রে সাবধানতা জরুরি। হেডফোন ব্যবহার করে গান শুনলেও নিজের কানের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকবেন।
ব্যায়াম ছাড়াও অন্যান্য কাজের সময় মৃদু সংগীত আপনার সহায়ক হতে পারে। তবে এ ক্ষেত্রে অন্যের সুবিধা-অসুবিধার কথাও মাথায় রাখা জরুরি। আর গানে বেশি মনোযোগ দিতে গিয়ে যদি আপনার গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটে, তাহলে তো হিতে বিপরীত হবে। সূত্র: ওয়েবমেড।