গানই আমার প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার অফিসের সহকর্মীরা আয়োজন করেছেন গানের প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় অনেকটা খেলার ছলেই অংশ নিল সাত বছর বয়সী ছোট্ট এক মেয়ে। আর কী আশ্চর্য! অংশ নিয়েই অর্জন করল প্রথম পুরস্কার! সবাই ঘিরে ধরলেন বাবাকে, ‘মেয়েকে কোথায় গান শেখান? কার কাছে গান শেখান?’ বাবাকে খানিকটা বিব্রত দেখাল তখন। মিনমিনে কণ্ঠে বললেন, ‘না, মানে ইয়ে... কোথাও তো গান শেখাই না...।’ সেই ছোট্ট মেয়েটির নাম আয়েশা সিদ্দিকা। পরিবার আর বন্ধুদের কাছে অবশ্য ও আশা নামে পরিচিত।যতবার এই স্মৃতি মনে পড়ে ততবার রোমাঞ্চিত হয় আয়েশা। আজও যখন বলছিল এসব স্মৃতির কথা তখনো তার কণ্ঠে খেলা করছিল অন্য রকম এক আবেগ। সেই আবেগ সজাগ রেখেই সে বলে চলে, ‘সেই থেকে শুরু হলো আমার গানের পথে পথ চলা। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিবছরই পেয়েছি জেলা শিশু-কিশোর পুরস্কার। জাতীয় পর্যায়ে গানের প্রতিযোগিতায় ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে জেলা পর্যায়ে হয়েছি প্রথম। এ ছাড়া মুঠোফোন কোম্পানি রবি আয়োজিত সেরা প্রতিভা প্রতিযোগিতায় হয়েছি রংপুর বিভাগে সেরা।’এ ছাড়া নাচ, আবৃত্তি, অভিনয় ও খেলাধুলার প্রতিও এই প্রতিভাময়ী তরুণীর রয়েছে দুর্বার আকর্ষণ। স্কুল-কলেজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণ অবধারিত। ‘সাস্কৃতিক চর্চার শুরুও সেই ছোট বেলাতেই। টেলিভিশনে অনুষ্ঠান দেখতাম আর একা একা চর্চা করতাম। তবে এখন গান ছাড়া আর অন্য কিছু নিয়মিত করা হয় না। সামনে পরীক্ষা তো, তাই পড়ালেখায় একটু বেশি সময় দিতে হচ্ছে।’ বলছিল আয়েশা। আয়েশার কাছ থেকে জানা গেল, সে এ বছর পঞ্চগড় সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। এর আগে মাধ্যমিক সম্পন্ন করেছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে।মা, বাবা আর পাঁচ ভাইবোন মিলে তার পরিবার। এত দিন পঞ্চগড় সদরে থাকলেও সম্প্রতি থিতু হয়েছে সৈয়দপুর শহরে। ‘বাবার চাকরির সুবাদেই আমাদের সৈয়দপুরে আসা।’ জানাল সে। আয়েশার বাবা মেজাহারুল ইসলাম একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত, আর মা মমতাজ জাহান গৃহিণী।আয়েশা সবে কলেজের গণ্ডি পেরোচ্ছে। সামনে পড়ে আছে দীর্ঘ পথ। এই দীর্ঘ পথে সে সংগীতকে সঙ্গছাড়া করতে চায় না কিছুতেই। ভবিষ্যতে যদিও আইনজীবী হতে চায় সে, তবে সংগীতের ওপরও এটা ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে তার।‘বাংলা গানকে আমি ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপী। সে জন্য ভবিষ্যতে গান নিয়ে নিরীক্ষাধর্মী কাজও করতে চাই।’ বলছিল পঞ্চগড়ের এই মেধাবী শিক্ষার্থী।