বর্ণিল সাজে সেজেছে মুসলিম হল। প্রাঙ্গণে ছোট ছোট দলে ভাগ হয়ে চলছে আড্ডা। নানা বয়সের মানুষ সেখানে সমবেত হয়েছেন। কারও হাতে রজনীগন্ধা, কারও হাতে বই। কাছে গিয়ে দাঁড়ালেই বোঝা যায় আড্ডার বিষয়—রাজনীতি, হারানো দিনের কথা। যৌবনের উদ্দাম দিনগুলোতে দেশের রাজপথ কাঁপানো ছাত্র নেতারা অভিজ্ঞতা বিনিময় করছেন নবীনদের সঙ্গে। দিনভর এমন আড্ডা চলেছে। চলেছে চুলচেরা বিশ্লেষণ। স্মৃতিচারণা, আলোচনা, গান আর আড্ডায় গত শুক্রবার উদ্যাপিত হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী। নবীন-প্রবীণের এই মিলনমেলায় উঠে এসেছে ‘ছাত্র ইউনিয়ন পরিবারকে একীভূত’ করার আহ্বান।প্রবীণদের মতে, এই প্রতিকূল সময়ে প্রগতিশীল রাজনীতির পতাকা বহন করা সত্যিই প্রশংসনীয়। তবে আক্ষেপ হলো কাঙ্ক্ষিত মাত্রায় নবীনেরা প্রগতির ধারায় অন্তর্ভুক্ত হচ্ছে না।কেন এই আয়োজন—তার উত্তরে অধ্যাপক অশোক সাহা প্রথম আলোকে বলেন, ‘প্রগতিশীল শক্তির ঐক্য আজ খুব বেশি প্রয়োজন। আমরা চাই ছাত্র ইউনিয়ন পরিবার একীভূত হোক। এটা সম্ভব হলে দেশ ও রাজনীতি উপকৃত হবে।’ সংগঠনের সবার প্রতি তাঁর আহ্বান, সবাই যার যার অবস্থান থেকে দেশপ্রেমের ভিত্তিতে নিজের কর্মকাণ্ড পরিচালনা করুক।তবে নবীন-প্রবীণ সবাই অনুপ্রেরণা খুঁজেছেন সোনালি অতীত থেকে। কেমন ছিল ছাত্রজীবনের সেই সংগ্রামী দিনগুলো। এই নিয়ে স্মৃতিচারণায় মেতেছিলেন ২০০১-০৩ সালের চট্টগ্রাম জেলা (নগর ও উত্তর) কমিটির সদস্যরা। ওই কমিটির সভাপতি ছিলেন শরণ বড়ুয়া। তিনি বলেন, ‘আমাদের সময়ে বন্দরকে বেসরকারি খাতে দেওয়ার চক্রান্ত চলছিল। এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ। যা পরে বৃহত্তর আন্দোলনে রূপ নিয়েছিল। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে পুলিশি নির্যাতন, বুয়েটে সনি হত্যাকাণ্ডের বিচার দাবির আন্দোলন ছিল উল্লেখযোগ্য।’ এ আড্ডায় যোগ দেন ওই কমিটির সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, শ্যামল ধর, সুব্রত বড়ুয়া ও সুমন চৌধুরী।জাতীয় রাজনীতিতে ছাত্র ইউনিয়নের ভূমিকা কী ছিল, আলোচনায় উঠে এসেছে সেই দিকটি। আলোচনা সভায় সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি বিশাল বিশাল জাহাজের মতো। বড় জাহাজ পাইলট বোট ছাড়া বন্দরে ভিড়তে পারে না। ছাত্র ইউনিয়ন ছিল সেই পাইলট বোট। কিন্তু তারা (আওয়ামী লীগ-বিএনপি) পাইলট বোটগুলোকেই টিকতে দেয়নি।’বর্তমান বাংলাদেশে ছাত্র ইউনিয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে আবুল মোমেন বলেন, ‘বড় রাজনৈতিক দলগুলোর সব সমীকরণ ক্ষমতায় যাওয়ার। তাহলে মানুষের কথা বলবে কে? এখনো মানুষের কথা বলা, মানসম্পন্ন শিক্ষার আন্দোলন করা এসব কাজ করে চলেছে ছাত্র ইউনিয়ন।’গত শুক্রবারের দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের সব নেতা-কর্মী ভেসেছেন গভীর আবেগে। পরবর্তী প্রজন্মের মধ্যে নিজেদের স্বপ্ন সঞ্চার করতে চান তাঁরা। অনেকেই এসেছিলেন সপরিবারে। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক বেলাল মোহাম্মদ, শহীদ জায়া বেগম মুশতারী শফি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ও সাবেক ডাকসু সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ছাত্র ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা হায়দার আকবর খান রনো, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, বখতেয়ার নুর সিদ্দিকী, শিল্পী গোলাম কিবরিয়া, কমলেশ দাশগুপ্ত, সাংবাদিক সিদ্দিক আহমদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, অধ্যাপক অশোক সাহা, উৎপল দত্তসহ অনেকেই।ছাত্র ইউনিয়নের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে উৎপল দত্ত বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ আর সবার জন্য শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে ছাত্র ইউনিয়নের যাত্রা শুরু হয়েছিল। আজকের বাংলাদেশে শিক্ষা যখন পণ্য তখন ছাত্রইউনিয়নের রাজনীতি আরও বেশি প্রয়োজনীয়।’কেমন ভূমিকায় দেখতে চান ছাত্র ইউনিয়নকে—এমন প্রশ্নের উত্তরে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘স্বীকার করছি আমাদের সময় অনুকূল হাওয়া ছিল। এখন চারিদিকে দূষিত হাওয়া। এখনো ছাত্রইউনিয়ন পাইলট বোট হয়ে থাকলে হবে না। তাকে বড় জাহাজই হতে হবে।’