গানে-আনন্দে জমজমাট শিশু দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের আনন্দ শোভাযাত্রা ও জমজমাট নাচ, গান আর আবৃত্তিসহ নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব শিশু দিবস পালন করেছে বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশ। ১ অক্টোবর সকাল ১০টায় শত শত শিশুর শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে শিশুরা দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে হাসি-গানে মেতে ছিল সারা দিন। তার আগে এ অপরাজেয়-বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, আঞ্জুমান আরা বেগম, সিএসপিবি প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী রাশেদুল হাসান, কাজীর দেউড়ি শিশুপার্কের ব্যবস্থাপক সোহরাব হোসেন, ঘাসফুল নেস্ট প্রকল্পের সমন্বয়কারী জোবাইদুর রশিদ, সমাজসেবক তোফাজ্জল হোসেন।উল্লেখ্য ১ অক্টোবর ছিল বিশ্ব শিশু দিবস। সেদিন থেকে দেশব্যাপী শিশু অধিকার সপ্তাহ পালিত হচ্ছে। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘গর্ভ থেকে পাঁচ, বুদ্ধি-বলে বাড়তে আমায় যত্ন কর আজ।’ বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই কোমলমতি শিশুদের উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারিভাবে আরও বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন। জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশু অধিকার বাস্তবায়নের কথা বলা থাকলেও এখনো আমাদের দেশে অনেক শিশু তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ফলে তাদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। শিশুদের অধিকার বাস্তবায়নে রাষ্ট্র, বিভিন্ন দাতা সংস্থা, সুশীলসমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, সরকারি ও বেসরকারি সংগঠনকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য তাঁরা জোর দাবি জানান।সভায় আরও বক্তব্য দেন সেন্টার ম্যানেজার পিযূষ দাশ গুপ্ত, শেলী রক্ষিত, শিশু আশিক, রাজু, আর্জিনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দন কুমার বড়ুয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানে অপরাজেয় বাংলার শিশু ছাড়াও বেসরকারি সংগঠন বর্ণালী, ঘাসফুলের শিশু ও কর্মীরাও অংশ গ্রহণ করে।