যাক, অবশেষে দুর্মুখদের মুখ বন্ধ হলো। এত দিন যাঁরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখিয়ে নাক কুঁচকে বলতেন, ‘এরা সংস্কৃতিচর্চা বোঝে না, কেবল দিনমান ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট।’ তাঁদের যেন দাঁতভাঙা জবাবই দিল বুয়েটের সাংস্কৃতিক সংগঠন ‘মূর্ছনা’।মূর্ছনা ১৯-২১ অক্টোবর বুয়েট মিলনায়তনে আয়োজন করেছিল প্রথম আলো-শেলটেক আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের। সে উৎসবে যোগ দিয়েছিল বুয়েটসহ সরকারি-বেসরকারি আরও ছয়টি বিশ্ববিদ্যালয়। ‘হিয়ার টানে মুখর ঐক্য টানে’ স্লোগান নিয়ে তিন দিনব্যাপী এ উৎসব ছিল মূর্ছনার দ্বিতীয়বারের আয়োজন।প্রথম দিনের উদ্বোধনী পরিবেশনায় ছিল শান্ত-মারিয়ম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। এ বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের ঠায় বসিয়ে রাখল সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা অবধি। তবু যেন আশ মিটছিল না; দর্শকসারি থেকে আবদার আসতেই থাকল, ‘ওয়ান মোর...ওয়ান মোর...।’দ্বিতীয় দিনের পরিবেশনাও কোনো অংশে কম ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলসিঁড়ি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—প্রতিটি দলই যেন সমানে সমান। এদিনও বেলা আড়াইটা থেকে রাত ১০টা অবধি দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করলেন প্রতিটি দলের নাচ, গান ও আবৃত্তির নান্দনিক পরিবেশনা।শেষ দিন অনুষ্ঠান শুরু হয় বিকেল চারটায়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠন ইসিপিএ একটি ভিডিওচিত্রের মাধ্যমে শুরু করে তাদের পরিবেশনা। এ ভিডিওচিত্রে তারা তুলে ধরে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ। তার পরই সদ্য প্রয়াত গজল কিংবদন্তি জগজিৎ সিংকে শ্রদ্ধা জানিয়ে শুরু করে তাঁর সেই অতি বিখ্যাত গান, ‘তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙল কাচের আয়না’। গান শেষ হতেই মুহুর্মুহু করতালিতে ফেটে পড়ল পুরো মিলনায়তন।এরপর একের পর এক চলতে থাকে গান, আবৃত্তি ও নাচ। ব্যতিক্রম ছিল এই দলের অন্যতম সদস্য ফারিসার কণ্ঠে ইমন রাগের খেয়াল। শেষ দিনে অনেকটা সময় ধরে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে বুয়েটের মূর্ছনা। আর সবশেষে দর্শকদের জন্য উপরি পাওনা ছিল ওস্তাদ সত্যজিৎ চক্রবর্তীর মনোমুগ্ধকর সেতার বাদন।উৎসব শেষ হয় বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম, সহ-উপাচার্য হাবিবুর রহমান, শেলটেকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আমিনুল হক ও গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান কর্তৃক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার মধ্য দিয়ে।