গল্প, আড্ডা আর সুরের মূর্ছনায় হারিয়ে যাওয়া। সারা দিনই ছিল উৎসবমুখর পরিবেশ। গত ১২ জুন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীরা গানের আনন্দে মেতে ওঠেন। মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বসে এই আসর। উপলক্ষ আইন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী (র্যাগ ডে) অনুষ্ঠান।দুটি পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথমে ছিল শোভাযাত্রা। বর্ণিল শোভাযাত্রাটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেসি দে সড়কের ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এই পর্বের সূচনা হয় রনি আক্তারের ‘ডিস্কো বান্দর’ গানটির মধ্য দিয়ে। তিনি একে একে ‘রূপবান’, ‘সাম্পানওয়ালা’, ‘দোলা দে’, ‘দয়াল বাবা’সহ নয়টি গান পরিবেশন করেন। এরপর মঞ্চ মাতাতে আসে চট্টগ্রামের ব্যান্ডদল অ্যামেচার। ‘তুমি কি সাড়া দিবে’ গানটির মাধ্যমে শুরু করেন পরিবেশনা। এরপর ‘চাইতে পারো’, ‘অসামাজিক’, ‘স্বপ্নযাত্রা’, ‘ইচ্ছে ঘুড়ি’সহ আটটি গান পরিবেশন করে বিদায় নেন। সূর্য যখন অস্তগামী তখনই ডিজের তালে মেতে ওঠেন শিক্ষার্থীরা। ডিজে শান্ত তাঁর মনোমুগ্ধকর পরিবেশনায় মতিয়ে রাখেন সাবইকে। এর মাধ্যমেই শেষ হয় আনন্দযজ্ঞের। বিদায়ী শিক্ষার্থী তন্বী নন্দী বলেন, ‘বন্ধুদের সঙ্গে আজ সারা দিন অনেক মজা করলাম। বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিনের এই আনন্দের স্মৃতি নিয়ে ভবিষ্যতে ভালো দিন কাটাব।’