গানে আলোচনায় রবীন্দ্র-নজরুল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঙ্গীত ভবন অায়োজিত রবীন্দ্র–নজরুল উৎসবে শিশুশিল্পীদের পরিবেশনা
সঙ্গীত ভবন অায়োজিত রবীন্দ্র–নজরুল উৎসবে শিশুশিল্পীদের পরিবেশনা

বিশুদ্ধ সংগীত চর্চার সংগঠন সঙ্গীত ভবন চট্টগ্রামের পুরোনো সাংস্কৃতিক সংগঠনগুলোর অন্যতম। তাই এই সংগঠনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল উৎসবের আয়োজন হলে দর্শকের কৌতূহল ও আগ্রহ থাকবে—এটাই স্বাভাবিক। ১০ ও ১১ আগস্ট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তেমনটাই দেখা গেল।
১০ আগস্ট সন্ধ্যা সাতটায় দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। এরপর শুরু হয় রবীন্দ্রজয়ন্তীর আয়োজন। শুরুতে কথামালা নিয়ে মঞ্চে আসেন অধ্যাপিকা ফেরদৌস আরা আলীম। কথামালা শেষে সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হয় গানের আসর। প্রথমেই ছিল ‘বিপদে মোরে রক্ষা করো’ শিরোনামে সমবেত সংগীত। এরপর কখনো একক, কখনো সমবেত সংগীতের পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন শিল্পীরা। ভালো লেগেছে ‘আমার পথে পথে পাথর’, ‘আপনাকে এই জানা আমার’, ‘আমি মারের সাগর’ এবং ‘ওদের সাথে মেলাও’ শিরোনামের গানগুলো। এ ছাড়া রাশেদা খানমের কণ্ঠে ‘তোর ভিতরে জাগিয়া’ এবং তড়িৎ চক্রবর্তীর ‘এসো গো জ্বেলে দিয়ে যাও’ গান দুটি মুগ্ধ করেছে দর্শককে।
সঙ্গীত ভবনের শিল্পীদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন আমন্ত্রিত শিল্পী নাজমুল আবেদীন চৌধুরী ও লিলি ইসলাম। তাঁদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় প্রথম দিনের রবীন্দ্রজয়ন্তীর আয়োজন।
১১ আগস্ট উৎসবের দ্বিতীয় দিন ছিল নজরুলজয়ন্তী উদ্যাপনের আয়োজন। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এ আয়োজনের প্রথমে বসে আলোচনা সভার আসর। এতে অতিথি ছিলেন অধ্যাপক লায়লা জামান। শুভেচ্ছা বক্তব্য দেন সঙ্গীত ভবনের সভাপতি এ কে এম শাহজাহান পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক নূর নবী মিরন। আলোচনার আয়োজন শেষে ‘মৌন আরতি তব’ শিরোনামের সমবেত গানের সঙ্গে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এরপর ছিল একক ও সমবেত নজরুলসংগীত পরিবেশনা। ‘কন্যার পায়ে নূপুর’, ‘রামছাগী গায় চতুরঙ্গ’, ‘শঙ্কর রূপে’ এবং ‘আজি এ শ্রাবণ নিিশ’ শিরোনামের গানগুলো সমবেত কণ্ঠে ভালো লেগেছে দর্শকদের। সংগঠনের শিল্পীদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন আমন্ত্রিত শিল্পী মৃণাল ভট্টাচার্য ও অনিন্দিতা চৌধুরী। তাঁদের পরিবেশনার মাধ্যমে পর্দা নামে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসবের।