গানে কবিতায় স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে গান করেন শ্রেয়সী রায়
শিল্পকলায় জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে গান করেন শ্রেয়সী রায়

কোথাও কবিতার ছন্দ, কোথাও সুরের খেলা। স্বাধীনতা দিবস উপলক্ষে উৎসবে রঙিন বন্দরনগর। উৎসবরাঙা হয়ে নগরবাসীর স্বতঃফূর্ত অংশগ্রহণ সাংস্কৃতিক পরিবেশনাকে বর্ণিল করে তুলেছে আরও বেশি। চট্টগ্রামজুড়ে দিনব্যাপী ছিল নানা সাংস্কৃতিক আয়োজন।

ফয়’স লেকে কনসার্টে জেমসের পরিবেশনা
ফয়’স লেকে কনসার্টে জেমসের পরিবেশনা

সম্মিলিত আবৃত্তি জোট: ২৬ মার্চ সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের উদ্যোগে নগরের আমতলের শাহ আমানত সিটি করপোরেশন মার্কেট চত্বরে বসে ‘যুদ্ধ জয়ের কবিতা’ শিরোনামের কবিতা পাঠের আসর। এতে অংশ নেন সম্মিলিত আবৃত্তি জোটভুক্ত বিভিন্ন আবৃত্তি দলের সদস্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক তাহেরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সদস্যরা। মছরুর হোসেনের সঞ্চালনায় এ আয়োজনে একে একে আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী, শ্রাবণী দাশগুপ্তা, হোসনে আরা, ঐশী পাল, বর্ষা চৌধুরী, কণা দাশ, অনিক অভ্র, শাহ হোসাইন, শাহরিয়ার তানজীম ও জাহানারা বেগম।
জেলা প্রশাসন: স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শুরু হয় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। শুরুতে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আলোচনা পর্ব শেষে শিল্পী শ্রেয়সী রায়ের সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। তিনি পরিবেশন করেন ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা’ গানটি। এ ছাড়া গান করেন সাবরিনা রহমান ও সায়মা আক্তার। এরপর গান ও কবিতার পরিবেশনার সঙ্গে মঞ্চে ছিল নাচের ছন্দ। এ দলীয় পরিবেশনায় অংশ নেয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা। সবশেষে ‘মুক্তির মন্দির সোপান তলে’ দলীয় পরিবেশনা মাধ্যমে শেষ হয় আয়োজন।
ফয়’স লেক: ২৭ মার্চ নগরের ফয়’স লেকে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস কনসার্ট। বিকেল চারটায় রায়হান অ্যান্ড রকার্সের ‘রেল লাইনের ওই ছেলেটি’ গানের মাধ্যমে শুরু হয় এ কনসার্ট। এরপর ‘নিটোল পায়ে’, ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’, ‘হাসতে দেখ গাইতে দেখ’, ‘চাইতে পারো’ গানসহ ১০টি গান পরিবেশন করে বিদায় নেন তাঁরা। এরপর মঞ্চে আসে ব্যান্ড দল ‘ইফতিজ অ্যান্থেম’। তাঁরাও পরিবেশন করেন ১০টি গান। সবশেষে মঞ্চ মাতাতে আসে ব্যান্ড দল ‘নগর বাউল’। জেমসের গলায় একে একে পরিবেশিত হয় ‘লেইস ফিতা লেইস’, ‘কবিতা’, ‘কানামাছি’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’সহ বেশ কয়েকটি গান। সবশেষে ‘পাগলা হাওয়া’ গানের মাধ্যমে শেষ হয় কনসার্ট।