কখনো কবিতা, কখনো সুরের ধারা—সব খানেই রবীন্দ্রনাথ ঠাকুর। চেনা সুরে মন্ত্রমুগ্ধ শ্রোতা। ১৫ অক্টোবর সন্ধ্যা ছয়টায় নগরের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে গানে-কবিতায় রবীন্দ্রবন্দনায় মেতে ওঠেন শিল্পীরা। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে সুচয়ন ললিতকলা কেন্দ্র আয়োজন করে এ অনুষ্ঠান।
‘জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে’ শিরোনামের এ আসরের শুরুতে সমবেত কণ্ঠে শিল্পীরা গাইলেন ‘আমার সকল রসের ধারা’ গানটি। এরপর ‘সহজ পাঠ’ থেকে বৃন্দ আবৃত্তি করে সংগঠনের শিশুশিল্পীরা। দুটি পরিবেশনার পর ছিল রবীন্দ্রকথন। এতে প্রধান অতিথি ছিলেন ফুলকির অধ্যক্ষ রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন। অতিথি ছিলেন কবি সেলিনা শেলী, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও অধ্যাপক রোকেয়া বেগম।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম নিয়ে যদি চর্চা বাড়ানো যায়, তাহলে ক্রান্তিকাল অনেকটা কাটানো যাবে। একটি জাতিগোষ্ঠী যখন সম্মিলিত হয়ে রবীন্দ্রনাথের সৃষ্টি উপভোগ করে, তখন সেটি অন্য রকম মাত্রা পায়। কবিগুরুর গানকে কণ্ঠে ধারণ করেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এ দেশের মানুষ। রবীন্দ্রনাথের গানকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে জাতি অর্জন করতে পারে মানসিক শক্তি।
রবীন্দ্রকথনের পর ‘সুপ্রভাত’ কবিতাটি সমবেত কণ্ঠে আবৃত্তি করেন শিল্পীরা। এই পরিবেশনা মুগ্ধতার আবেশ ছড়ায় মিলনায়তন জুড়ে। সমবেত আবৃত্তির পর ‘লুকোচুরি’, ‘কত দিন ভাবে ফুল’, ‘দুষ্টু’, ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, ‘বিচিত্র সাধ’ ও ‘পুতুল ভাঙা’ শিরোনামে একক আবৃত্তি ও ছড়া নিয়ে আসে মাইয়া মাশিয়াত, রাফসান আরাফাত, মাইজা মাশিয়াত, ফারিহা তাহসিন, নিশা অহনা, তোফাতুন নূর, পিয়াল চৌধুরী।
এবার সুরের ধারায় অবগাহন। শুরুতে ‘যদি এ আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু’ পূজা পর্বের গান পরিবেশন করে তুলি চক্রবর্তী। এরপর তোফাতুন নূর পরিবেশন করেন পূজা পর্বের আরও দুটি গান, ‘আমি কান পেতে রই’ ও ‘আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে’। এরপর শিল্পীরা একে একে পরিবেশন করেন ‘তোমার খোলা হাওয়া’, ‘তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই’, ‘গরব মম হরেছ, প্রভু দিয়েছ বহু লাজ’ ও ‘সকল গর্ব দূর করি দিব’ গানগুলো। সবশেষে ‘জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে’ সমবেত কণ্ঠে গানটির পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।