
আজকাল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে ১০ আগস্ট নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ২০১১ মেরিডিয়ান চ্যানেল আই খুদে গানরাজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী তাসনিয়া নওশিনের একক সংগীত সন্ধ্যা। প্রায় দেড় ঘণ্টার এই সংগীত আসরে তিনি পরিবেশন করেন ১৯টি গান। তাসনিয়ার গান শুনতে দর্শকও এসেছিল প্রচুর। মিলনায়তনভর্তি দর্শকদের হতাশ করেননি শিল্পী। একের পর এক জনপ্রিয় গান গেয়ে আসর মাতিয়ে তোলেন তিনি।
রাত নয়টায় শুরু হয় সংগীতের আসর। এর আগে ছিল আলোচনা সভা। মঞ্চে বক্তব্য দেন যুবলীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, ওস্তাদ মিহির লালা, চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি এম শফিউল আলম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী দিলরুবা খানম।
প্রায় দেড় ঘণ্টার গানের অনুষ্ঠানে দেশাত্মবোধক, আধুনিক, হিন্দি চলচ্চিত্রের গান ও গজলের সুরের মায়ায় শ্রোতাদের আচ্ছন্ন করে রাখেন শিল্পী। শুরুতে শিল্পী গাইলেন রুনা লায়লার কণ্ঠে গাওয়া ‘প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে’। প্রথম গানের পরিবেশনা শেষে শিল্পী গেয়ে শোনান রুনা লায়লার আরেকটি গান ‘চঞ্চলা হাওয়া রে’।
গাইতে গিয়ে সুর-লয় একটুও এদিক-সেদিক হয়নি, রুনা লায়লার গানের সূক্ষ্ম কাজ রক্ষা করেই গেয়েছেন তাসনিয়া। শুধু কি রুনা লায়লা? লতা কিংবা আশার গানও শুনিয়েছেন শিল্পী।
আসরে লতা মঙ্গেশকরের গাওয়া ‘কী লিখি তোমায়’ গানটি শুনিয়ে শ্রোতাদের স্মৃতিকাতর করে তোলেন তাসনিয়া। এরপরে ছিল জনপ্রিয় বাংলা ও হিন্দি গানের পরিবেশনা। শিল্পী একে একে গেয়ে শোনান ‘যেতে দাও আমায় ডেকো না’, ‘তোমার আকাশ দুটি চোখে’, ‘লাগ যা গালে কে ফির’, ‘হামে তুম সে পেয়ার কিতনা’, ‘আশিকি নাজরমে সামঝা’, ‘চুরালিয়া হে তুমনে জো দিল কো’, ‘মেরে মেহবুব কিয়ামত হোগি’, ‘তেরি দিওয়ানি’, ‘কারজা মোহাব্বত ওয়ালা’, ‘তেরে বিনা জিন্দেগি সে’, ‘তুম হি হো’, ‘প্রিয়া তু’ ও ‘ইয়ে জিন্দিগি’। তাঁর কণ্ঠে জনপ্রিয় গানগুলো শুনে বিপুল করতালি দিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন দর্শকেরা। অনেক দর্শক গলা মিলিয়ে গাইলেনও তাঁর সঙ্গে।
সবশেষ পরিবেশনা ছিল রুনা লায়লাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেওয়া ‘মাস্ত কালান্দর’ শিরোনামের গানটি। এই গানটি গেয়ে তাসনিয়া যেন নিজের জাত চেনালেন। ভবিষ্যতে আবারও মঞ্চ মাতানোর প্রতিশ্রুতিও রেখে গেলেন।