
ঘড়িতে তখন বেলা তিনটা। লেকের পাড়ে বেজে উঠল গিটারের সুর। বিভিন্ন রাইডে চড়া কিংবা এলোমেলোভাবে ঘোরাফেরা করা দর্শনার্থীরাও ছুটলেন সেদিকে। সুর তোলে ব্যান্ড দল ইফতিজ অ্যান্থেম—‘দাও না ছুঁয়ে’। একে একে গেয়ে শোনাল ১০টি গান। এ ছাড়া গান পরিবেশন করে ব্যান্ড দল লালন ও কণ্ঠশিল্পী মিলা। গত শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গানে গানে ফয়’স লেক মাতিয়ে রাখেন শিল্পীরা। কনকর্ড ও বাংলালিংকের যৌথ আয়োজনে সেদিন এখানে অনুষ্ঠিত হয় ঈদ কনসার্ট।
ব্যান্ড দল ইফতিজ অ্যান্থেমের পর যখন উপস্থাপিকা নাবিলা মঞ্চে ওঠেন, তখন দর্শকেরা চিৎকার জুড়ে দিলেন লালন লালন বলে। নাবিলা বলেন, বাহ্! আপনারা তো বেশ ভালোই জানেন। এরপর মঞ্চ মাতাতে আসে ব্যান্ড দল লালন। ‘জাত গেল জাত গেল’ গান দিয়ে লালন শুরু করে পরিবেশনা। একে একে ‘চাঁদের বাড়ি’, ‘লাগে না ভালো’, ‘গুরুর চরণ’, ‘খ্যাপা রে’ গানগুলো পরিবেশন করেন। লালন ব্যান্ডের ‘বসন্ত বাতাসে সই গো’ গানের সঙ্গে গলা মেলালেন দর্শকেরাও। এরপর ‘সুধা সুন্দর’, ‘অপার হয়ে বসে আছি’ ও ‘পাগল’ গেয়ে বিদায় নেয় লালন।
এবার মঞ্চে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। ‘তুমি কি সাড়া দেবে’ গানের মাধ্যমে শুরু হয় তাঁর পরিবেশনা। মিলা পরিবেশন করেন ‘ডিস্কো বান্দর’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’, ‘বাবুরাম সাপুেড়’ ও ‘দোলা দে রে পাগলা’।