গানে গানে কিংবদন্তি শিল্পীদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানের সুরে সুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে স্মরণ করা হয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরস্রষ্টাদের। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘কিংবদন্তিদের গান’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করে যোগ মিউজিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে শেখ রায়হান আনোয়ারের একক সংগীত পরিবেশনার পাশাপাশি ছিল আলোচনা সভা ও শিল্পীদের সম্মাননা প্রদান।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক এস এম আবুল হোসেন। শেখ খুরশীদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। শুভেচ্ছা বক্তব্য দেন যোগ মিউজিক ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী ওস্তাদ মনীশ চৌধুরী এবং সংগঠনের আহ্বায়ক চৌধুরী মিফতাহ।
আলোচনা সভা শেষে সংগীতে বিশেষ অবদানের জন্য মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় ওস্তাদ নিরদ বরণ বড়ুয়াকে। এ ছাড়া ওস্তাদ মিহির লালা, পণ্ডিত মিহির কুমার নন্দী এবং শিল্পী সাইফুদ্দীন মাহমুদ খানকে দেওয়া হয় সম্মাননা স্মারক।
এ পর্ব শেষে শুরু হয় বাংলাদেশ বেতার চট্টগ্রামের কণ্ঠশিল্পী শেখ রায়হান আনোয়ারের একক সংগীত পরিবেশনা। কিংবদন্তি শিল্পীদের গান পরিবেশনার মাধ্যমে তিনি সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে যান উপস্থিত দর্শকদের।
শুরুতে ছিল খেয়াল। তার রেশ কাটতে না কাটতেই ‘তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা’ শিরোনামের রবীন্দ্রসংগীত গেয়ে তিনি মুগ্ধ করেন দর্শকদের। এরপর নজরুল, মান্না দে, শ্যামল মিত্র, আব্দুল আলীম ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পী ও সুরস্রষ্টাদের গান পরিবেশন করেন তিনি। পাশাপাশি মোহাম্মদ রফি, জগজিৎ সিং, মেহেদী হাসান ও গোলাম আলীর গাওয়া গজল পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।