গ্রামের একজন সাধারণ মানুষের সাধারণ কাহিনি অসাধারণ হয়ে ওঠে গানে গানে। আর চিরপরিচিত গ্রামীণ মানুষটার আলো-আঁধারের জীবন দাগ কাটে সবার মনে। শৈশব-কৈশোরের দুরন্তপনা শেষে যৌবনের নাওখানি পাড়ি দেয় প্রেমের সাগর। এক দিন সানাই বাজে, ঘরে আসে লাল টুকটুকে বউ। ভালোবাসার হাত ধরে আসে অভাব, তাই পেটের দায়ে ঘর ছাড়ে লোকটা, পেছনে বিলাপ করে সোনাবউ। এরপর? জীবনের নিয়মে বিপদ এবং মৃত্যু। পুরো কাহিনি চিত্রায়িত হয়েছে গানে গানে। কেশব জিপসীর গ্রন্থনা ও নির্দেশনায় গীতি আলেখ্য হায়রে মানুষ দেখে হায় হায় করেছেন দর্শকেরা। কিন্তু শিল্পের ছোঁয়ায় জীবন দেখে মুগ্ধও হয়েছেন তাঁরা। গত ৩১ মার্চ নানা আয়োজনে হয়ে গেল স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের ১৮ বছর পূর্তি ও নবম দ্বিবার্ষিক সম্মেলন। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন মুখর হয়ে উঠেছিল আনন্দ-আয়োজনে। শুরুতে ছিল কথামালা। বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ পর্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কেশব জিপসী। প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী মো. আবুল বশর। দ্বিবার্ষিক প্রতিবেদন পড়েন সাধারণ সম্পাদক মানস শেখর। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকৌশলী মো. মতিউর রহমান, অরবিন্দ পাল, অধ্যাপক মশিউর রহমান আদনান ও সি এস দাশ। বক্তারা বলেন, বর্তমানের অস্থির সময়ে যুবসমাজ দেশীয় সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে সৃজনশীলতা, মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেম জাগ্রত করতে পারে। তাঁরা প্রতিষ্ঠিত শিল্পপতিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানান।দ্বিতীয় পর্বে ছিল শিশুশিল্পীদের পরিবেশনা। হূদিতা শেখর, প্রসূন রায়, মাহিকা শেখর, ইন্দ্রনীল রুদ্র, অনন্যা দাশ, মারিয়া শ্রাবন্তী, অন্বেষা দাশগুপ্তা, মনীষা দেবী ও জান্নাতুল নাজনীন। ফারজানা ইয়াসমিনের কাঁচা গলায় সুরেলা গান দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে ‘মাঝি নাও ছাইড়া দে’ ও ‘ইস্টিশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা’ গান দুটির পর করতালির ঢেউ ওঠে মিলনায়তনে। প্রিয়াংকা বড়ুয়ার লোকনৃত্য ছিল চমৎকার।স্বাধীনতার মাসে দ্বৈতকণ্ঠে ‘ও আমার বাংলা মা তোর আকুল করা’ গানটি মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করিয়ে দেয় যেন। এরপর ছিল ‘আয়রে আয়রে ছুটে আয়রে’ গানের সঙ্গে নাচ। এভাবে ‘বাপুই চেংড়ারে গাছত উঠিয়া’, ‘হলদি বাট মেন্দি বাট’, ‘লীলা বালি লীলা বালি’ এবং ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানের ফাঁকে ছন্দবদ্ধ পঙিক্তমালা নব আনন্দে স্নাত করে দর্শকদের। আরাফাত রূপক ও অঙ্কন শ্রেষ্ঠার ধারা বর্ণনায় পুরো কাহিনি উপভোগ্য হয়ে ওঠে। নৃত্যে ছিলেন তান্নিয়া খানম, শরিফ উল ইসলাম, হিল্লোল দাশ, সুপর্ণা স্বপন নাথ, সানজিদা রহমান ও মাইশা মীম। সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।