গানে গানে চিরদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ, নজরুল, লালন, রজনী কান্ত, অতুল প্রসাদ ও দ্বিজেন্দ্র লাল—এক আসরে মহা-আয়োজন। ছিল মান্না দে, কিশোর কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের গানও। ১৯ মে উপমহাদেশে সংগীতে সেরাদের গানের আসর বসে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে এই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘গানে গানে চিরদিন’।
সন্ধ্যা সোয়া সাতটায় ‘এসো হে বৈশাখ’ গানটির সমবেত পরিবেশনায় শুরু হয় অনুষ্ঠান। এরপর শিল্পীদের কণ্ঠে চলে একক পরিবেশনা। শ্যামলী পালের কণ্ঠে ‘আমার হিয়ার মাঝে’, লাকি দাশের ‘আজি নূতন রতনে’ শুভাগত চৌধুরীর ‘তুমি নির্মল কর’, চন্দনা বিশ্বাসের ‘আবার ভালোবাসার সাধ জাগে’ গানগুলো জমিয়ে তোলে আসর। এবার আবার দলীয় পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ গানের ‘যাক পুরাতন স্মৃতি’ অন্তরাটি। এভাবে অনুষ্ঠানজুড়ে বিভিন্ন গানের ফাঁকে ফাঁকে ছিল গানটির বিভিন্ন অন্তরার সমবেত পরিবেশনা।
এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন পীযূষ নাগ, জাহেদ হোসেন, জয়নাল আবেদীন, জুয়েল চৌধুরী, আনন্দ চক্রবর্তী প্রমুখ। দর্শকদের ভালো লেগেছে ‘সময় গেলে সাধন হবে না,’ ‘নীল আকাশের নিচে,’ ‘ও চাঁদ সামলে রাখো’, ‘আহা কি আনন্দ’, ‘এই পথ যদি না শেষ হয়’ গানগুলো। এ আয়োজনে শুধু গান নয় ছিল নৃত্য ও কবিতার পরিবেশনা। ‘বাজেরে বাজেরে ঢোল’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মায়াবী ডান্স গ্রুপের সদস্যরা। রবীন্দ্রনাথের শেষের কবিতার অংশবিশেষ শ্রুতিপাঠ করেন আশরাফ মাসুদ ও ইশরাত জাহান। অনুষ্ঠানে তবলায় লিটন মিত্র, কিবোর্ডে সৃজন রায়, অক্টোপ্যাডে জুয়েল দাশ, বেজ গিটারে সজল সরকার ও লিড গিটারে সহযোগিতা করেন রাজীব ঘোষ।