
হাজার খানেক ভক্ত শ্রোতার ঘণ্টা দু-একের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নচিকেতা মঞ্চে পা ফেলেই শুরু করলেন গান-‘অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন’। তখন গান আর দর্শকের মুহুর্মুহু হাততালি সমানতালেই চলছিল।
দু্ই বাংলায় সমান জনপ্রিয় জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী শুরুর গানের আগে কোনো ভূমিকা না রাখলেও প্রায় দুই ঘণ্টা স্থায়ী এই গানের আসরে প্রায় প্রতিটি গানের অনুষঙ্গ নিয়ে কথা বলেছেন। দর্শক- শ্রোতার সঙ্গে বিনিময় করেছেন নিজ জীবনের অভিজ্ঞতা। গানের ফাঁকে ফাঁকে বলে গেলেন সমাজের নানান অসংগতি, প্রেম, ভালোবাসা, রাজনীতিসহ জীবনের নানা দিক নিয়ে কথকতা। তবে সবকিছু ছাপিয়ে প্রধান হয়ে উঠল নচিকেতার সুরেলা কণ্ঠ। আক্ষরিক অর্থেই তিনি কথামালা ও সুরে দর্শকদের ভাসালেন। সব মিলিয়ে ২৩ ডিসেম্বর চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নচিকেতার এই অনুষ্ঠানটি দর্শক শ্রোতার জন্য এক অবিস্মরণীয় সন্ধ্যা হয়ে থাকবে। মুগ্ধতার ভেতর দিয়ে কখন যে সময় গড়িয়ে গেল যেন টেরও পাওয়া যায়নি। রেড ভেলভেট ইভেন্টেসের আয়োজনে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম মিলনায়তনে নচিকেতার গানের এক ফাঁকে মঞ্চে উঠে আসেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য। তারা নচিকেতাকে শুভেচ্ছা জানান। তার আগে দর্শক শ্রোতার যখন অপেক্ষার পালা চলছিল তখন চৈতি মুৎসুদ্দি অনেকগুলো গান শুনিয়ে তাদের শান্ত করে রাখেন।
নচিকেতার গানের প্রাণ হচ্ছে কথা। তাই তিনি গানের কথাগুলো শ্রোতাদের স্পষ্ট করে শোনাতে চান। বুঝিয়ে দিতে চান কেন কোন্ পটভূমিতে তিনি গানটি লিখেছেন। এইভাবে দর্শকদের সঙ্গে কথা বলতেই বলতেই গেয়ে গেলেন ‘তুমি আসবে বলে’, ‘সে ছিল উনিশ আর আমি ছত্রিশ, প্রেমে পড়তে লাগেনা বয়স মনে থাকে না উনিশ-বিশ’। আর জমিয়ে দিলেন জমে গেল আসর। প্রতিটি গানের আগেই তিনি কথা বলেছেন। একবার বললেন, এখনকার মায়েরা বলে তোমাকে পরীক্ষা ফাস্ট হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু আগে মানুষ হতে হবে এই বিষয়টা তারা বলেন না। এরপর তিনি গেয়ে ওঠেন ‘কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার...আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন’।
এরপর একে একে গেয়ে শোনান ‘অনির্বাণ’, ‘তোকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন’, ‘রাজশ্রী তোমার জন্য’, ‘এ মন ব্যাকুল যখন,’ ‘আমার সোনা চাঁদের কণা’। দর্শকদের অনুরোধে গেয়ে ‘বৃদ্ধাশ্রম’ নিয়ে গান করে অনেকের চোখ ভিজিয়ে দিয়েছেন। নতুন লেখা গান ‘আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছাদ, ভেঙে বৃষ্টি আসুক’ পৌষের হিমেল রাতে শ্রাবণের আমেজ নিয়ে এসেছে।
শেষ করেছেন প্রথম দিককার গান ‘নীলাঞ্জনা’ দিয়ে। পুরো মিলনায়তনের মানুষ স্মৃতিকাতর হয়ে তার সঙ্গে কোরাস ধরলেন। দর্শক শ্রোতার কণ্ঠে তখনো গান চলছিল। দর্শকের কণ্ঠে আর হৃদয়ে গানের সুর ছড়িয়ে দিয়ে তিনি বিদায় নিলেন।