গানে গানে তারুণ্য, তারুণ্যের গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনন্দিন ব্যস্ততার চাপে হাঁপিয়ে উঠেছিলেন টিসা হক। তাই একটু অবসর নিতে ছুটে যান কনসার্টে, ১২ এপ্রিল ঢাকার রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেন হলে। ঢুকতেই দেখা গেল হইহই শব্দের স্রোত বয়ে যাচ্ছে হলরুমের এপাশ থেকে ওপাশে। লাইভস্কয়ারের আয়োজনে রকনেশন কনসার্টে গিটার, ড্রাম আর নানা রকম বাদ্যের মূর্ছনায় দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড ও ব্যান্ডশিল্পী জন বিমোহিত করে দর্শকদের। দুপুর থেকেই কনসার্টে ছিল তরুণদের উপচে পড়া ভিড়। আর ভিড় থাকবে না কেন? ওয়ারফেজ, শূন্য, নেমেসিস, চিরকুট, আরবো ভাইরাস, ক্রিপটিক ফেইট, ব্যান্ড লালন ও জনের পরিবেশনা বলে কথা। সুরের ঝংকারে সবাই মেতে উঠেছিলেন বাংলা গানের মনোমুগ্ধকর এ আয়োজনে। গলা ফাটিয়ে দর্শকেরাও সুর মিলিয়েছেন ব্যান্ডগুলোর বিভিন্ন গানে।কনসার্ট শেষ হলেও গানের রেশ থেকে যায় দর্শক-শ্রোতাদের মনে। হাসিনুর, জিয়াউর, রাহুল ও সামি বাড়ি ফিরতে ফিরতে কণ্ঠে গুনগুন করে গেয়ে যাচ্ছিলেন ওয়ারফেজের গাওয়া মহারাজ নামের গানটি। কণ্ঠে সুর থাকুক না থাকুক বন্ধুরা ঠিকই গেয়ে যাচ্ছিলেন ‘হে মহারাজ, এসো আমাদের সমতলে/ পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে/ প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে/ হে মহারাজ।’