গানে গানে নজরকাড়া ক্যাটওয়াক
দর্শকদের জাদুর গোলাপে শুভেচ্ছা জানিয়ে মাত্র মঞ্চ থেকে নামলেন উপস্থাপক-জাদুকর। তখন বেজে উঠল চির পরিচিত গান ‘আমার পরান যাহা চায়’। শুরু হলো প্রতিযোগিতার ফ্যাশন কিউ পর্ব। একে একে মঞ্চে এলেন আট মডেল। পরনে বাঙালির চিরায়ত ঐতিহ্য শাড়ি। উৎসবের ছোঁয়ায় রাঙানো শাড়িতে ছিল সবুজ, গোলাপি, লাল আর কালোর প্রাধান্য। শাড়ি ‘ক’ বিভাগে মসলিন, সুতি, সিল্কের ওপর ছিল হাতের কাজ ও বাহারি নকশা। এরপর ঈদের অন্যতম প্রধান পোশাক পাঞ্জাবি নিয়ে কিউ করেন পুরুষ মডেলরা। এবারের প্রতিযোগিতায় পাঞ্জাবির হাতায় ও শরীরে করা সুতার কাজ এবং বোতামের ব্যবহার দর্শকদের নজর কেড়েছে। পাঞ্জাবিতে দেখা গেছে সাধারণ দৈর্ঘ্যের (লম্বায়) প্রাধান্য। ‘মায়াবন বিহারিনী হরিণী’ গানের সঙ্গে লং কাট কামিজ পরিহিত মডেলরা মঞ্চে আসেন তৃতীয় কিউতে। কামিজে লাল, কালো ও সাদা রঙের ব্যবহার ছিল বেশি। সালোয়ার-কামিজ ‘ক’ বিভাগের প্রায় প্রতিটি কামিজেই লেইস ব্যবহার করা হয়। সুতা, পাথর, চুমকি, এমব্রয়ডারি ও কারচুপির কাজে বর্ণিল হয়ে ওঠে ‘খ’ বিভাগের শাড়িগুলো। রং আর নকশার বৈচিত্র্যে অনন্য ছিল সালোয়ার-কামিজ ‘খ’ বিভাগের পোশাকগুলোও। নীল, গোলাপি, সবুজ, লাল, কালো রঙের কামিজগুলোতে সুতার কাজ দর্শকসারির তরুণীদের নজর কেড়েছে। কয়েকটি কামিজের নকশায় ছিল আদিবাসী ফ্যাশনের মিশেল। ‘বাহির বলে দূরে থাকুক’ গানের সঙ্গে এ বিভাগের ফ্যাশন কিউটি বেশ উপভোগ করেছেন দর্শকেরা। গতানুগতিক ধারার বাইরে এবার ভিন্নতা পায় ফিউশন। বম, চাকমা আর আধুনিক ডিজাইনের নানা পোশাকে মঞ্চে আসে আট কিশোরী। ফিউশন বিভাগে নীল রঙের প্রাধান্য ছিল। সুতি কাপড়ের পাশাপাশি নেটের ব্যবহার ছিল লক্ষণীয়। নজর কাড়ে বর্ণিল যুগল পোশাকে আট জোড়া তরুণ-তরুণী। লাল-কালো, খয়েরি-কালো, সাদা-নীলের সমন্বয়ে এসব পোশাকে ছিল নতুনত্বের ছোঁয়া। এ ছাড়া ছেলে ও মেয়েদের ফতুয়ার ডিজাইনেও ছিল নতুনত্ব। ফতুয়াতে আরমদায়ক সুতির কাপড়ের ব্যবহার বেশি করেছেন ডিজাইনাররা। এভাবে একে একে সব কিউ চলতে থাকে গানের তালে তালে। র্যাম্প মডেলদের কোরিওগ্রাফিতে ছিলেন সৈয়দা রুমা।