গানে গানে পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কুঁড়ির ‘প্রেসিডেন্ট গোল্ডকাপ’ বিজয়ী শুভ তালুকদার এবার সিলেটের এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। শুভ চিকিৎসক হতে চান। এ কারণে দিন-রাত সমানতালে চলছে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি। তবে ফাঁকে ফাঁকে গান শোনা-গাওয়াও বাদ পড়ছে না। পড়াশোনার পাশাপাশি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক, পল্লিগীতি, ছড়াগান ও লোকগানে রয়েছে তাঁর আধিপত্য। সহপাঠী ও শিক্ষকদের কাছেও তিনি তুমুল জনপ্রিয়। এ বয়সেই ক্যাম্পাসে অর্জন করে নিয়েছেন তারকাখ্যাতি। শুভ পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন। সিলেটের পুলিশ লাইনস স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। পড়াশোনার পাশাপাশি গানে তাঁর ছিল সতত বিচরণ। সেই ছোট বয়সেই তাঁর গানের মোহনীয় সুরে শিক্ষক-সহপাঠীরা তাক্ লেগে যেতেন। শুভর পরিবারের সদস্যরা জানান, নতুন কুঁড়ির জাতীয় শিশুশিল্পী পুরস্কার প্রতিযোগিতায় আটটি, বাংলাদেশ শিশু একাডেমীর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সাতটি স্বর্ণপদক, বেসরকারি টেলিভিশন এনটিভি আয়োজিত শাপলা কুঁড়ি প্রতিযোগিতায় তিনটি পদকসহ ২৩টি জাতীয় পদক তাঁর ঝুলিতে জমা হয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতাসহ গানে অংশ নিয়ে আরও অর্ধশতাধিক পুরস্কার পেয়েছেন। শুভর বাবা সুধাংশু তালুকদার সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা, মা নীলিমা তালুকদার গৃহিণী। তাঁর বড় দুই বোন নেভি তালুকদার ও জলি তালুকদার বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী। শুভদের মূল বাড়ি সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকায়। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সিলেট নগরের লোহারপাড়া এলাকায় বসবাস করছেন। শুভ জানান, পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে গান গেয়ে ও শুনে সময় কাটে। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত পাশাপাশি লালন ও বাউল শাহ আবদুল করিমের গান শুভর খুব ভালো লাগে। পল্লিগীতিতে গ্রামের মানুষের সুখ-দুঃখ বর্ণিত হওয়ায় সেসব গানও তাঁকে বেশ টানে। গান চর্চার পাশাপাশি বন্ধুদের সঙ্গে নিয়মিত আড্ডা তো রয়েছেই। শুভ তালুকদার বলেন, ‘এখন আমার একটাই স্বপ্ন—চিকিৎসক হওয়া। সেই স্বপ্ন পূরণ হলে একেবারেই গ্রামীণ সাধারণ মানুষের কাছাকাছি চলে যাব। আমি একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। সংগীত আমার প্রাণ, এটি আমার সত্তায় মিশে রয়েছে। সারা জীবন আমি বাংলা গানের চর্চা করে যেতে চাই। শুদ্ধ বাংলা গানের প্রচার ও প্রসারে ভবিষ্যতে ভূমিকা রাখতে চাই।’[email protected]