গানে গানে এবং স্লোগানে মাদক, দুর্নীতি, যৌতুক এবং নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বললেন চট্টগ্রামের তরুণ প্রজন্ম। আমন্ত্রিত শিল্পীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সুরের বানে নাও ভাসালেন তাঁরা। সোমবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল থেকে জড়ো হতে থাকে মানুষ। সন্ধ্যা নামতেই গ্যালারিতে দেখা গেছে উপচে পড়া ভিড়। চট্টগ্রামবাসীর কাছে ওপেন কনসার্ট নতুন কিছু নয়। কিন্তু এই আয়োজনের অন্য অর্থ আছে। শুধু গান শোনা নয়, গানের ভেতর দিয়ে শ্রোতাকে একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখানো এর লক্ষ্য। সূচনা ক্রিয়েশন অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন মাদক, যৌতুক, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে, পরিবেশ বিষয়ে সচেতন করতে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করতে এই আয়োজন করেছে। সেই বিপুল দর্শকের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। দেশের গানের রিমিক্স নিয়ে প্রথমেই মঞ্চে আসে মায়াবী ড্যান্স একাডেমির নৃত্যশিল্পীরা। এরপরই চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে মঞ্চ মাতায় চট্টগ্রাম আঞ্চলিক গানের জনপ্রিয় দুই শিল্পী কল্যাণী ঘোষ ও সনজিত আচার্য্য। শিল্পীদের গান শেষ না হতেই অনুষ্ঠানের প্রধান অতিথি বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের আগমন ঘটে। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, ও সূচনা ক্রিয়েশন অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের চেয়ারম্যান চৌধুরী ফরিদ।এর পরে কনসার্টে গান পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী চৈতি মুৎসুদ্দী, নির্বাচিতা বড়ুয়া, ক্লোজআপ ওয়ান তারকা রাজীব এবং ব্যান্ড দল সাসটেইন। তাদের পরেই গান দিয়ে আলোড়ন তোলেন বাংলাদেশের ফোকসম্রাজ্ঞী শিল্পী মমতাজ। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই চলে তুমুল করতালি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েই গান দিয়ে শুরু করেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণদের কণ্ঠেও প্রতিধ্বনিত হতে থাকে গানটি। এর পরপরই জনপ্রিয় সব গান ‘নান্টু ঘটক’, ‘খায়রুন লো’, ‘পোলা তো নয়’ গেয়ে শোনান। শিল্পী মমতাজের পর মঞ্চে আসেন তরুণ প্রজন্মের প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি ‘ও ডাক্তার’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘একতারা বাজাইও না’ এই তিনটি গান গেয়ে শোনান।আজ বাতিঘরে হেলাল হাফিজের কাব্যপাঠবাতিঘর গ্রন্থ বিপণিকেন্দ্র ‘কবি ও কবিতা’ শীর্ষক নিয়মিত সাহিত্য আসরের আয়োজন করেছে। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় বাতিঘরের প্রেসক্লাব ভবন শাখায় আসরের উদ্বোধন হবে। প্রথম পর্বের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ‘যে জলে আগুন জ্বলে’ গ্রন্থের রচয়িতা হেলাল হাফিজ। ফিনলে প্রপার্টিজ লিমিটেডের সহযোগিতায় ছয় পর্বের এই অনুষ্ঠানে পর্যায়ক্রমে দেশের খ্যাতিমান কবিরা অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি।