‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে/ আমরা কজন নবীন মাঝি...’ লেকেরপাড় থেকে ভেসে আসছে শিল্পীর কণ্ঠ। ততক্ষণে ফয়’স লেকের বিভিন্ন রাইডে চড়া কিংবা এলোমেলো ঘোরাফেরা করা দর্শনার্থীরা ছুটছেন ব্যান্ডদল সাসটেইনের সঙ্গে সাগর পাড়ি দিতে। বাড়তে থাকে শ্রোতা। জমে ওঠে কনসার্ট।গত সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত দেশ ও মাটির গানে গানে ফয়’স লেক মাতিয়ে রেখেছিলেন শিল্পীরা। কনকর্ড ও রবি স্বাধীনতা দিবসে আয়োজন করেছিল এই কনসার্টের। সাসটেইনের গানের পর যখন উপস্থাপিকা শেহনাজ মঞ্চে ওঠেন, তখন দর্শকেরা চিৎকার জুড়ে দিলেন, ‘রুমী-রুমী’ বলে। শেহনাজ বললেন, ‘বাহ্ আপনারা তো ভালোই জানেন, আমাকে কিছুই বলতে হচ্ছে না।’মঞ্চে এলেন এ সময়ের জনপ্রিয় শিল্পী আরেফিন রুমী। শুরুতে জানালেন তাঁদের ব্যান্ডদল দূরবীন প্রতিষ্ঠার পেছনের কথা। বললেন, ‘ব্যান্ড প্রতিষ্ঠায় যাঁর অবদান অনেক, তিনি হলেন শহীদ ভাই, যিনি চট্টগ্রামেরই ছেলে। আজ তিনিও গাইবেন।’ এর পর রুমি শোনান ‘তোমার চোখে আকাশ’, ‘আকাশে কান পেতে থাকি’সহ তাঁর কয়েকটি প্রিয় গান। শহীদ শোনান ‘তোমায় ছেড়ে বহু দূর যাব...’ গানটি। কাজী শুভ ‘সোনা বউ শুনছনি গো’ এবং ‘গর্জে ওঠো বাংলাদেশ’ দিয়ে শেষ করেন তাঁদের পরিবেশনা।এর পর মঞ্চে আসেন কনা। শুরু করেন দেশাত্মবোধক গান দিয়ে, ‘এক সাগর রক্তের বিনিময়ে’। তারপর শোনান লালটিপ চলচ্চিত্রের ‘যদি স্বপ্নে থাকি মগ্ন...’। ইতিমধ্যে শ্রোতাদের মধ্য থেকে অনুরোধ আসতে থাকল বৃষ্টি গানটি গাওয়ার জন্য। কনা বলেন, ‘গাইব, তবে বৃষ্টি নামলে আমার দোষ নেই। আজ আমি চট্টগ্রামের লোকজনদের না নাচিয়ে যাব না।’ এরপর করেন ‘ধিম তানা, বাজে ধিম তানা’। গানের সঙ্গে বৃষ্টি না নামলেও শ্রোতাদের মন যেন ভিজিয়ে দিয়েছে এক পশলা সুরের বৃষ্টিতে। ‘সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর’সহ আরও কয়েকটি গান করে শ্রোতাদের কাছ থেকে বিদায় নেন কনা।সবশেষে মঞ্চে আসেন শিল্পী আসিফ আকবর। তিনি শোনান ‘তুমি আমার, তুমি তাহার’, ‘সবার বাংলাদেশ’, ‘জলতারা’সহ কয়েকটি গান। গানে গানে তখন ঘড়ির কাঁটা রাত সাড়ে নয়টা পেরিয়ে গেছে। দর্শক-শ্রোতারাও কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে বেশ পরিতৃপ্তি নিয়েই বাড়ি ফিরলেন স্বাধীনতা দিবসে।