
‘তুমি সেই পথ দিয়ে বল হেঁটেছ কি বন্ধু, পথ থেকে একটু সরে/ যেখানে অগণিত মানুষ ঢাকা পড়ে আছে শুধু দুঃখের চাদরে’—শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে শিল্পীর কণ্ঠ ছাপিয়ে শোনা যাচ্ছে শ্রোতাদের গলা। সবাই একসুরে গাইছেন। গিটারের সুর-ঝংকারে জমজমাট অনুষ্ঠান। গানে গানে কাটল সন্ধ্যা। ১৯ জুলাই ব্যান্ডদল নাটাইয়ের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
এর আগে বিকেল চারটা থেকে শুরু হয় বর্ষপূর্তির আনন্দ আয়োজন। শুরুতেই বড় পর্দায় দেখানো হয় ‘নাটাইয়ের পথচলা’ শিরোনামের তথ্যচিত্র। এতে উঠে আসে ব্যান্ডদল নাটাইয়ের গত চার বছরের নানা কার্যক্রম। এরপর গিটারের সুর-মূর্ছনা। আমন্ত্রিত ব্যান্ডদল অধ্যয়ন তাদের পরিবেশনায় মাতিয়ে তোলে। অধ্যয়নের পরিবেশনা শেষে দলের সব সদস্য ও নগরের সংগীতানুরাগীদের নিয়ে মঞ্চে কেক কাটেন নাটাইয়ের দলনেতা নাহিদ।
এ সময় বর্ষপূর্তির অনুষ্ঠান প্রসঙ্গে নাহিদ বলেন, ‘সুস্থ ধারার সংগীত চর্চা ও বাংলা গানকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে আমাদের পথচলার শুরু। সংগীতপিপাসুদের ভালোবাসায় আমাদের লক্ষ্যে এগিয়ে চলেছি।’ জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষে বড় পর্দায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে নাটাইকে শুভেচ্ছা জানান ব্যান্ডদল লালন, ওয়ারফেইজ ও আর্টসেলের শিল্পীরা।
সন্ধ্যা সাতটায় মঞ্চে উঠে ‘সেই ছেলেটির কথা’ শিরোনামের গান পরিবেশন করে নাটাই। এরপর দর্শকদের জন্য ছিল বর্ষপূর্তির উপহার—‘কপালমন্ত্র’ ও ‘প্রতীক্ষা’। গান দুটি গেয়ে শোনান দলের ভোকাল আল তুষি ও মুন্না। এ সময় বেস িগটারে নাহিদ, িলড িগটারে পারভেজ, ড্রামসে রাজু, কিবোর্ডে রানা ও সেকেন্ড িলড িগটারে ছিলেন বিজয়। নিজস্ব গানের পাশাপাশি নাটাই পরিবেশন করে দেশ-বিদেশের কয়েকটি ব্যান্ডদলের জনপ্রিয় কিছু গান।
এ ছাড়া পুরো আয়োজনে ছিল তিনটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদর্শন করা হয় ‘আমাদের হুমায়ূন’। সুরকার লাকী আখন্দের সুস্থতা কামনা করে একটি ও ঈদে নাটাইয়ের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দেওয়া নিয়ে আরেকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পুরো আয়োজনটি উৎসর্গ করা হয় হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি।
উল্লেখ্য, ২০১২ সালের ১৯ জুলাই যাত্রা শুরু করে নাটাই। এটি মূলত অলটারনেটিভ ফিউশন রক ধারার ব্যান্ড।