গানে গানে মাতালেন সমরজিৎ
রামুর হারানো সম্প্রীতি ফেরানোর চেষ্টা। গত বছরের ২৯ সেপ্টেম্বরের পর প্রথম সংগীতানুষ্ঠান। সুরের রাতে মুগ্ধতার আবেশ ছড়ান কক্সবাজার জেলার ভূমিপুত্র দিল্লির গন্ধর্ব মহাবিদ্যালয়ের সংগীত শিক্ষক ও শিল্পী সমরজিৎ রায়।
১৭ জুন রামু উপজেলা পরিষদ মিলনায়তনে সন্ধ্যাবাতি জ্বলেছিল গানে গানে। রামুর নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর আয়োজন করে সংগীতানুষ্ঠান ‘জীবনের জলসাঘরে’। শুরুতেই সমবেত সংগীত—‘ধনধান্য পুষ্পভরা’। এরপর মঞ্চে আসেন সমরজিৎ। শুরু করেন রবিঠাকুরের ‘মনে কি দ্বিধা রেখে গেলে চলে’ গানটি দিয়ে। গান শেষে সবাইকে স্মরণ করিয়ে দেন প্রখ্যাত শিল্পী মান্না দের সংকটাপন্ন অবস্থার কথা।
অনুষ্ঠানটি মান্না দেকে উৎসর্গ করে গেয়ে ওঠেন ‘যদি কাগজে লেখো নাম’। একে একে গেয়ে যান ‘তুমি নিজের মুখে বললে যেদিন’, ‘তুমি নয় নাই কাছে আসলে’, ‘সুন্দরী গো দোহাই দোহাই’, ‘আমি যে জলসাঘরের’, ‘ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না’, ‘ওগো বর্ষা তুমি ঝোরোনা গো,’ ‘খুব জানতে ইচ্ছে করে,’ ‘ও চাঁদ সামলে রাখো জোছনাকে’ ও ‘ক ফোঁটা চোখের জল ফেলেছ যে’। এবার দর্শকের বিশেষ অনুরোধে মঞ্চে আসেন সমরজিতের স্ত্রী দিল্লির মেয়ে চিত্রা রায়। খুব ভালো বাংলা বলতে না পারলেও চিত্রার কণ্ঠে ‘ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে’ রবীন্দ্রনাথের এই গানটিসহ একটি হিন্দি গান শ্রোতাদের আন্দোলিত করে। এর পরে সমরজিৎ গেয়ে শোনান আরও কিছু গান। এর মধ্যে
তাঁর এক চিলতে রোদ অ্যালবামের ‘ও রূপসী চাঁদ, রূপটাকে ঢাকো’, ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’—এ দুটি গানে শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলান শ্রোতারাও। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন লিটন মিত্র ও গিটারে মুজিবুর রহমান।
সমরজিতের গানের ফাঁকে ফাঁকে চলে কথামালা। এ পর্বে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার, কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বাবুল আক্তার, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, টেকনাফ থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদাউস, শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসিম উদ্দিন ও সমস্বরের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি নীলোৎপল বড়ুয়া।