গানে গানে মাদককে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল থেকেই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সাজ সাজ রব পড়েছে। কয়েকজন তরুণ উপস্থিত লোকজনের মধ্যে মাদক সম্পর্কে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করছেন। দেয়ালে সাঁটানো হচ্ছে পোস্টার। এর মধ্যেই একে একে উপস্থিত হলেন আমন্ত্রিত অতিথিরা। এটি মাদকবিরোধী দিবসে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত চট্টগ্রাম বন্ধুসভার সদস্যদের কর্মকাণ্ডের একাংশের চিত্র। গত রোববার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজন করা হয় মাদকবিরোধী মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আলোচনার বিষয় ছিল ‘চাই মাদকমুক্ত সুস্থ পরিবার’।প্রিয় মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ‘মাতৃভূমি মাগো তুমি’ গানটি দিয়েই সূচনা করা হয় অনুষ্ঠানের। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন পুলক দেব দাশ। তিনি মাদকাসক্ত জীবনের দুঃসহ জীবনযন্ত্রণা তুলে ধরে মাদকের অন্ধকার জগৎ থেকে কীভাবে ফিরে এলেন, তার বর্ণনা দেন। তাঁর কণ্ঠে মাদকের প্রতি ঘৃণার সঙ্গে উচ্চারিত হয়, ‘প্রত্যেক মানুষের শরীরে শিরায় শিরায় রক্তের রং নীল নয়, লাল হোক।’ এরপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি ড. অলক পাল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক আদনান মান্নান, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম, ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন শ্যামল, চট্টগ্রাম মেট্রো রিহ্যাব অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর হোসেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি মৃদুল কান্তি দে প্রমুখ। আলোচকেরা বলেন, জীবনের নানা হতাশা কিংবা কৌতূহল থেকে মানুষ মাদক নেয়। কিন্তু মাদক মানব শরীরের সংবেদনশীল অংশ এবং প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়। মাদক গ্রহণকারী ব্যক্তির ক্যানসারে আক্রান্তের আশঙ্কা সবচেয়ে বেশি। এর শেষ পরিণতি মৃত্যু।আলোচকেরা বলেন, ‘প্রত্যেক মানুষেরই সীমাহীন সম্ভাবনা রয়েছে।’ মাদক থেকে দূরে থেকে নিজে, নিজের পরিবার এবং মাতৃভূমিকে ভালোবাসার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, ‘যে নিজেকে ভালোবাসে না, বিশ্বাস করে না, সে-ই মাদক নেয়।’ অনুষ্ঠানে চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা অধ্যক্ষ আনোয়ারা আলম বন্ধুসভার সদস্যদের মাদককে বর্জন করার শপথবাক্য পাঠ করান। মুক্ত আলোচনার ফাঁকে ফাঁকে একক ও দলীয় সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভা সাংস্কৃতিক দলের সদস্যরা।অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আগ্রাবাদ মহিলা কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, বন্ধুসভার খুলশী থানা শাখা ও চট্টগ্রামের বিভিন্ন মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের সদস্যরা।