গানে গানে মান্না দের প্রতি শ্রদ্ধাঞ্জলি
সংগীত ভবনের চার যুগ পূর্তি উপলক্ষে বছরব্যপী ধারাবাহিক অনুষ্ঠানমালার অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় মান্না দে স্মরণে সংগীতসন্ধ্যা। আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগীত ভবনের সভাপতি এ কে এম শাজাহান পাটোয়ারী। অনুষ্ঠানে মান্না দের গাওয়া বেশ কয়েকটি গান পরিবেশন করেন শিল্পীরা। আয়োজনের শুরুতে ‘পৌষের কাছাকাছি রোদ মাখা’ গানটি পরিবেশন করেন সাকিবা ভাবনা। এরপর রোকসানা সুবর্ণ পরিবেশন করেন ‘ওগো বর্ষা তুমি’ শিরোনামের গান। ‘লাগা চুনারি মে দাগ’ শিরোনামের গান পরিবেশন করেন সাফায়েত ইয়াসিন। এরপর সাদিয়া কবির পরিবেশন করেন ‘হয়তো তোমার জন্য’ শিরোনামের গান। দর্শকদের গান শুনিয়ে মুগ্ধ করেন প্রমুগ্ধা, তুলিপ সূর্য, গোলাম সরোয়ার, সাদেক ইকবাল, শাজাহান পাটোয়ারী। ঢাকা থেকে আগত শিল্পী অজয় শিকদারের পরিবেশনা মন কাড়ে দর্শকদের। তাঁর পরিবেশিত ‘আমি সারা রাত শুধু চেয়ে কেঁদেছি’ শিরোনামের গানের মাধ্যমে শেষ হয় সংগীতসন্ধ্যার। অনুষ্ঠান সঞ্চালনায় সামিনা কবির, পরিচালনায় কাবেরী সেনগুপ্তা, পরিকল্পনায় নূর নবী ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন আহমেদ নেওয়াজ।