‘ছোটবেলা থেকেই গানের পরিবেশে বেড়ে ওঠা। বাসার সবাই গান-বাজনা পছন্দ করত আর ছোট বোনেরা যখন গান গাইত তখন আমি মুগ্ধ শ্রোতার মতো সেই গান শুনতাম।’ এভাবেই গানের জগতে নিজের বেড়ে ওঠার গল্প বলা শুরু করলেন স্বপ্নিল রাজিব। একদিন বিকেলে এক আড্ডায় মনোযোগ দিয়ে তাঁর আজকের স্বপ্নিল রাজিব হয়ে ওঠার গল্প শুনছিলাম।‘বাবার চাকরির কারণে এক জায়গায় খুব বেশিদিন থাকা হয়ে ওঠেনি। শৈশবে কিছুদিন নোয়াখালী, তারপর সিলেটেই মূলত বেড়ে ওঠা। গানের আসরে হারমোনিয়ামের চেয়ে তবলার প্রতি ছিল আমার দারুণ ঝোঁক।’মাঝখানে প্রশ্ন করি, তবে কি শুরুটা তবলা দিয়ে? মুচকি হেসে জবাব দেন, ‘হুম, তবে আরেকটু বড় হওয়ার পর গানটাকেই বেছে নিলাম। বাসায় গানের আসর বসলে বোনদের পাশে বসে থাকতাম আর তারা যে গানগুলো গাইত আমি সেগুলো শুনতাম আর গাইতাম। একটা সময় পণ্ডিত রামকানাই দাশের কাছে ক্লাসিক্যাল শেখা শুরু করলাম। আর তখন থেকেই আমার গান নিয়ে স্বপ্ন বোনা শুরু।’ হতাশ হতে হয়নি তাঁকে। এ ক্ষেত্রে প্রাপ্তির ঝুলিটা তাঁর বেশ বড়সড়। ২০০০ সালে রবীন্দ্রসংগীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে পেয়েছেন পুরস্কার। এরপর তিনি ঢাকাতে গুরু আসিত দে-এর কাছ থেকে গানে তালিম নেন।রাজিব আরও জানান, ‘২০০৭ সালে ছায়ানটে ভর্তি হই। কিছুদিন আগে ছায়ানট থেকে নেওয়া রবীন্দ্রসংগীতের ওপর কোর্সটাও শেষ করলাম।’রাজিব ইতিমধ্যেই পেয়েছেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত প্রতিযোগিতায় প্রথম মানের শিল্পীদের একজন হওয়ার গৌরব। পেয়েছেন মিতা হক, সুজিত মুস্তফা, ফেরদৌস আরার মতো শিল্পীদের কাছ থেকে আশীর্বাদ ও উৎসাহ।২০০৯ সাল থেকে বিভিন্ন অ্যালবামে কণ্ঠ দিচ্ছেন রাজিব। ২০০৯ সালে ইবরার টিপুর সংগীতায়োজনে ‘প্রথম অনুভূতি’ নামের একটি গানে কণ্ঠ দেন। এরপর ২০১২ সালে ‘স্বপ্ন সিঁড়ি’ ব্যানার থেকে নিজের প্রথম একক অ্যালবাম বাজারে আসে ‘স্বপ্নিল রাজিব’ নামে। জানালেন, ‘এই অ্যালবামের প্রতিটা গান আমার এক একটা স্বপ্ন। আর এই স্বপ্ন সাজাতে যাঁরা আমাকে সাহায্য করেছেন তাঁঁদের প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ। বিশেষ করে শান ভাই, লুৎফর হাসান, তানভির রাসেলসহ আরও অনেকের কাছে।’শ্রোতাদের কাছ থেকে সাড়া পেয়েছেন কেমন? ‘বেশ ভালো। অনেকে ফোন করে গানগুলো শুনতে চায়। ফেসবুকে কমেন্ট করে। আমার বেশ ভালোই লাগে।’এরপর কণ্ঠ দিয়েছেন বেশ কটি মিশ্র অ্যালবামে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজন সাহার ভালবাসার বৃষ্টি ও টি আর রোমান্সের আড়াল ভালবাসা । এর মধ্যে ‘অপ্সরী’ গানটি এফ এম রেডিওর কল্যাণে দারুণ শ্রোতাপ্রিয়তা পায়। আড্ডার শেষের দিকে তিনি তাঁর পরিকল্পনার কথা বলেন, ‘কিছুদিন পর আমার প্রথম একক অ্যালবামের “চোখের আড়াল” গানটির মিউজিক ভিডিও বের হবে। এ ছাড়া ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে (ইউডা) মিউজিক নিয়ে মাস্টার্স করছি। আপাতত পড়াশোনা আর গান নিয়েই থাকতে চাই।’