
গানে গানে সুরেলা সন্ধ্যা। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নতুন প্রজন্মের শিল্পী সুকন্যা মজুমদারের কণ্ঠে লতা মঙ্গেশকর, সামিনা চৌধুরী, আবিদা সুলতানা ও সন্ধ্যা মুখার্জির গান। দুই ঘণ্টার আয়োজনে মুগ্ধতার অবেশ ছড়িয়ে যায় শ্রোতাদের মধ্যে। গত ৩০ সেপ্টেম্বর এখানে বসেছিল আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৮৬তম গানের আসর।
অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন আর্য সংগীত বিদ্যাপীঠের অধ্যক্ষ ওস্তাদ মিহির লালা। উপস্থিত ছিলেন সুরকার ও সংগীত পরিচালক বাণী কুমার চৌধুরী। সভা শেষে সুকন্যা মজুমদারের সুরের মূর্ছনা। ‘বিমূর্ত এই রাত্রি’ গানটি দিয়ে শুরু করেন তাঁর পরিবেশনা। এরপর ‘সৃজন ছন্দে আনন্দে,’ ‘মোর ভাবনারে’, ‘এ গানে প্রজাপতি’, ‘ভুলিতে পারি না’, ‘আমার মাঝে নেই’, ‘যে আকাশ ঝড়ে’, ‘আজ নয় প্রজাপতি’, ‘ঝুমঝুম বৃষ্টি’, ‘বাঁশি কেন গায়’, ‘আমি কি তোমার মতো’, ‘বাতাস ডাকে না’ শিরোনামের গানগুলি। অনুষ্ঠানে সুকন্যা মজুমদার ১৭টি গান পরিবেশন করেন।