দিনটি ছিল তাঁদের বিশ্ববিদ্যালয়-জীবনের শেষ দিন। তবু বিদায়ের বিষণ্নতার ঘোর কাটতে দেরি হয় না, কারণ সুরের বন্যায় ভাসছে পুরো ক্যাম্পাস। তাঁরা নাচে-গানে, হাসি-আনন্দে স্মরণীয় করে রাখেন বিশ্ববিদ্যালয়ের শেষ বেলা। ৭ এপ্রিল ছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৩৬তম ব্যাচের (২০০৫) র্যাগ ডে। এ উপলক্ষে আয়োজন করা হয় দুই দিনব্যাপী অনুষ্ঠানের।অনুষ্ঠানের দুই দিন আগে থেকেই ক্যাম্পাস সাজানো হয়েছিল বর্ণিল সাজে। কেক কেটে র্যাগ ডের উদ্বোধন করেন উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। এরপর আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রা চট্টগ্রাম শহরের জিইসি মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার শোভা ছিল রাজা-রানী দিপু ও অনুভা। বিকেলে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দ্বিতীয় দিন সকালে শিক্ষার্থীরা মেতে ওঠেন রঙের খেলায়। একে অন্যকে রং ছিটিয়ে বরণ করেন দিনের প্রথম প্রহর। আহমেদ মুসার স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র সাগরের বুকে নদী দর্শকদের মন কেড়ে নেয়। এতে অভিনয় করেন চুয়েটের শিক্ষার্থী অপু, দীপ্তি, বিপ্লব, শিপন, জাহিদ, এরশাদ ও ওয়াহিদ। আফিফ-শান্তনু-মনির ‘পথে চলতে’ গানটির মিউজিক ভিডিও চুয়েটের পথচলার কথা মনে করিয়ে দেয়। এ ছাড়া প্রকৌশলীদের বিয়ে পরবর্তী জীবন নিয়ে নাটিকা, ফ্যাশন শো, শিপলু, শম্পা, কায়সার-করুণাশীষের গান দর্শকদের আনন্দ দেয়। রাতে কনসার্টে গান করে ব্যান্ডদল ওয়ারফেজ, আর্টসেল, লালন, স্টেঞ্জা, স্পেলবাউন্ড ও তীরন্দাজ। রাত ১২টায় কনসার্টটি শুরু হয়, চুয়েটের ঐতিহ্য অনুযায়ী চলে রাতব্যাপী। প্রথমে মঞ্চে ওঠে স্টেঞ্জা, এরপর স্পেলবাউন্ড ও তীরন্দাজ। আন্ডারগ্রাউন্ড তিনটি ব্যান্ড পরিবেশন করে জনপ্রিয় কিছু বাংলা ও ইংরেজি গান। রাত দেড়টায় মঞ্চে উঠে লালন। ‘ক্ষ্যাপা’, ‘সময় গেলে সাধন হবে না’সহ জনপ্রিয় কিছু গান করে তাঁরা। এরপর মঞ্চে ওঠে আর্টসেল। প্রায় দেড় ঘণ্টা চলে সুরের মূর্ছনা। আর্টসেল যখন ‘আমার পথচলা/আমার পথে/যেন বেলাশেষে...’ গাইছিল তখন বিদায়ী শিক্ষার্থীদের চোখে অশ্রুধারা। শিক্ষার্থীরাও গানটিতে কণ্ঠ মেলান। ভোরের আলো ফোটার সময়ে মঞ্চে ওঠে ওয়ারফেজ। গানে গানে সূর্য হাসে আর আনন্দে ভাসেন সবাই। এরপর বিদায় সংগীত, একে অপরকে জড়িয়ে ধরে বাষ্পরুদ্ধ কণ্ঠে গেয়ে শোনান ‘বন্ধু, এ বিদায় শেষ বিদায় নয়...।’