চোখে আলো নেই। তাতে কী। মনের আলো তো আছে। সেই আলোয় তারা স্বপ্ন দেখে বিশ্বজয়ের। পড়ালেখার পাশাপাশি নিয়মিত করে গান ও আবৃত্তিচর্চা।
১৫ অক্টোবর সকালে নগরে আয়োজিত বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান ও আবৃত্তি পরিবেশনায় মাতিয়ে তোলে দৃষ্টিপ্রতিবন্ধী শিশু শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একডেমী মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
‘শব্দযুক্ত ট্রাফিক সংকেত নাই রে বাংলাদেশে’ সমবেত গানের মাধ্যমে শুরু অনুষ্ঠান। একে একে গান করে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী তন্ময় দত্ত, সোহেল রানা, রিপা আক্তার, নার্গিস আক্তার, উম্মে হাবিবা, হিমু আইচ, মাজেদুল হক, সাজ্জাদ হোসেন, আল আমীন ও বেবী দে। দর্শকদের ভালো লেগেছে ‘পৃথিবী বদলে গেছে’, ‘প্রাণ সখীরে’, ‘কি জ্বালা দি গেলা’ ও ‘এই অপরূপ বাংলা’। সবশেষে মঞ্চে সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় ‘আমরা করব জয়’।