গানে গানে স্মৃতির টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যখনই হারানো দিনের গান শুনি, তখনই নস্টালজিক হয়ে উঠি। হারিয়ে যাই সেই সব দিনে। প্রায় তিন-চার যুগ পুরোনো এসব গানের আবেদন এখনো এতটুকু কমেনি। এক রকম স্মৃতির টানেই চলে এসেছি গান শুনতে।’ কথাগুলো বলছিলেন চট্টগ্রাম বোট ক্লাবের নির্বাহী সদস্য জসিম উদ্দিন চৌধুরী।২ জুলাই সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয়েছিল ‘চিরদিনের গান’ শিরোনামে পুরোনো দিনের গজল-হিন্দি গান (গীত) ও অনুরোধের আসরের। যখন থেকে এ অনুষ্ঠানের প্রচারণা চলছিল, তখন থেকেই বিভিন্ন অনুরোধ আসতে থাকে খুদে বার্তা ও অন্যান্য মাধ্যমে। তাই তো আষাঢ়ের ক্ষান্তহীন বর্ষণও বাদ সাধতে পারেনি এসব সুরপাগল শ্রোতাকে। অনুষ্ঠানের শুরুতেই আকলিমা আক্তার গেয়ে শোনান ‘কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে’ ও ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’। এরপর গেয়ে শোনান আরও কয়েকটি গান। ইতিমধ্যে অন্য রকম পরিবেশের সৃষ্টি হয়। সবাই যেন আনমনেই হারিয়ে যান সেই সোনালি অতীতে। শিল্পী শাহরিয়ার খালেদ শোনান অখিল বন্ধু ঘোষের ‘সেদিন চাঁদের আলো’, কমল দাশগুপ্তের সুরে ‘সুয়ে হুয়ে হ্যায় চান্দ অর তারে’। একক পরিবেশনার পাশাপাশি তাঁরা বেশ কিছু দ্বৈত সংগীতও পরিবেশন করেন। অনুরোধের গানগুলোর মধ্যে করেন এন্টনি ফিরিঙ্গি চলচ্চিত্রের সন্ধ্যা মুখার্জি ও মান্না দের জনপ্রিয় ‘চম্পা চামিলি...’, মুঘলে আজম চলচ্চিত্রের নৌশাদের সুরে ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’, বাবুল চলচ্চিত্রের ‘মিলতেহি আঁখে দিল হুয়া’, কিসমত চলচ্চিত্রের ‘ধীরে ধীরে আরে বাদল’। এভাবে চলতে থাকে একের পর এক অনুরোধের গান। রাত বাড়তে থাকে, আসরও জমতে থাকে। শেষদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী সুরাইয়া ইসলামের অনুরোধে গেয়ে শোনান ওয়ারিশ চলচ্চিত্রের অনিল বিশ্বাসের সুরে ‘রাহী মাত ওয়ালী’, আন্দাজ চলচ্চিত্রের ‘আগার তু কহো’ ও আন চলচ্চিত্রের ‘দিলমে ছুপাকে পেয়ার।’অনুষ্ঠান শেষে প্রকৌশলী জ স ম বখতিয়ার বলেন, ‘অনেক দিন পরে এ ধরনের একটি অনুষ্ঠান দেখলাম। বাদ্যযন্ত্রের খানিকটা ত্রুটি থাকলেও আমি মোটামুটি তৃপ্ত। বেশ ভালোই লেগেছে।’ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিলি চৌধুরী।