
হারানো দিনের গান যে কারও হৃদয় ছুঁয়ে যায়। সুরের ভেলায় স্বর্ণালি সেই দিনে ঘুরে আসতে কার না মন চায়! তাই এমন আয়োজন মানেই জমজমাট। ১৭ সেপ্টেম্বর এমনই জমজমাট আয়োজন হয়ে গেল নগরের জামালখানের ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ‘কো-মেমোরেটিং গোল্ডেন ডেজ’ শিরোনামের এই অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা। এতে সহযোগিতা করে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব (আইইউসিসি)।
ষাট থেকে নব্বই দশকের জনপ্রিয় বিভিন্ন বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গান ও নাচের পরিবেশনা ছিল এ আয়োজনে। বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের সমন্বয়কারী এম আইয়ুব ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, সংস্কৃতিচর্চা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মনের জগৎ বড় হয়।
কথামালার পর সুরের ভেলায় চড়েন শিক্ষার্থীরা। শুরুতে অনিন্দিতা ভট্টাচার্যের কণ্ঠে ‘ও নদীরে তুই যাস কোথায় রে’। এরপর আশির দশকের জনপ্রিয়তা পাওয়া একটি ভারতীয় চলচ্চিত্রের গানের দ্বৈত পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন রিয়াজ আহমেদ ও প্রমিতা দাশ। ‘গুলাবে আঁখে’ গজল পরিবেশনা করেন মাশফিক হক। এবার তাবাসসুুম ফেরদৌসী ও সাজিদ হাসানের দ্বৈত নৃত্য জমিয়ে তোলে আয়োজন। এরপর অর্চি ইসলাম করেন ‘সাধের লাউ’। একে একে সংগীত পরিবেশন করেন বাঁধন দাশ, সানজিদ কবির ও সাইমুর রহমান। আদিবা সাইফ ও প্রমিতা দাশের দ্বৈত কণ্ঠে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাবের সমন্বয়কারী রোবাকা শমসের।