
হারানো দিনের গান আজও প্রেরণা জোগায়। স্মৃতিকাতর করে তোলে সব বয়সী শ্রোতাকে। গত রোববার গানে গানে সেই হারানো দিনগুলো ফিরিয়ে এনেছিলেন পাঁচ তরুণ-তরুণী।
ওই সন্ধ্যায় তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে জনপ্রিয় সব হারানো দিনের গানের জমজমাট আসর বসেছিল নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। সহযোগিতায় ছিল ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম। একে একে পরিবেশন করা হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়, লতা মুঙ্গেশকর, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, চিত্রা সিং, রুনা লায়লা, কিশোর কুমার, শচীনদেব বর্মণসহ কিংবদন্তি শিল্পীদের গান। পরিবেশন করেন সুনন্দা রায়, বৈশাখী নাথ, রুবেল চৌধুরী, আল তুষি ও শ্রাবণী দাশগুপ্তা।
সুনন্দা রায়ের কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার’ গানটির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর আল তুষির কণ্ঠে ‘শুধু গান গেয়ে পরিচয়’। এ দুজন শিল্পী গান করেন ১০টি। এবার কথামালা। মঞ্চে আসেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ ও তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি জিন্নাহ চৌধুরী।
কথা শেষে আবার গান। একক পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন বৈশাখী নাথ, রুবেল চৌধুরী ও শ্রাবণী দাশগুপ্ত। ‘নিঝুম সন্ধ্যায়’, ‘আমায় প্রশ্ন করে’, ‘ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে’, ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’, ‘হয়তো তোমারই জন্য’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’সহ বেশ কয়েকটি গান পরিবেশনের মাধ্যমে এই তিন শিল্পী মাতিয়ে রাখেন মঞ্চ। শাওন সরকারের পরিকল্পনায় অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন মিঠু তলাপাত্র। তবলায় রুবেল বড়ুয়া, কি-বোর্ডে নিখিলেশ বড়ুয়া, গিটারে নাহিদুজ্জামান ও রাজীব ঘোষ এবং পারকিউশনে সহযোগিতা করেন বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মুজাহিদুল ইসলাম ও শামীমা ইয়াসমীন।