
সত্তর থেকে নব্বইয়ের দশক বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ। সেই সময়ের গানগুলো এখনো হৃদয় ছঁুয়ে যায় শ্রোতাদের। তখনকার সাড়া জাগানো গান নিয়ে ২৫ আগস্ট সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বসে ‘চিত্রগীতি’। এ অনুষ্ঠানের আয়োজন করে আনন্দ সাংস্কৃতিক অঙ্গন। চট্টগ্রামের ১৮ জন মঞ্চ ও টিভি শিল্পী দ্বৈত সংগীত পরিবেশন করেন এ আয়োজনে।
‘জন্ম আমার ধন্য হলো’ দেশের গানের সমবেত পরিবেশনার মাধ্যমে পর্দা উন্মোচিত হয় অনুষ্ঠানের। আশরাফ মাসুদ ও বীথিকা বসাক পাঠ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মভূমি’ কবিতাটি। এর পরই শুরু হয় গান। প্রথমেই মঞ্চে ‘আমার যা কিছু সবই তোমার জন্য’, ‘ঢাকা শহর আইসা আমার’ গান দুটি পরিবেশন করেন সুবর্ণা বড়ুয়া ও আনন্দ চক্রবর্তী। মারিয়া সুলতানা ও মাহবুবুর রহমানের কণ্ঠে ছিল ‘জীবনও আঁধারে পেয়েছি তোমারে’, ‘আমার গরুর গাড়িতে’ গান দুটি। ‘ও চোখে চোখ পড়েছে’ ও ‘আরে ও প্রাণের রাজা’ গান নিয়ে মঞ্চে আসেন তানিয়া তান্নি ও আলী হোসেন। এরপর এনি চৌধুরী ও প্রীতম ভট্টাচার্য পরিবেশন করলেন ‘এক নদীরই উজান ভাটি’ ও ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’। শিরিন আক্তার ও শান্তনু ঘোষ পরিবেশন করেন ‘পাখির বাসার মতো দুটি চোখ’ ও ‘সব সখীরে পার করিতে’। অনুজ দেব ও সুপ্রিয়া বিশ্বাস করেন ‘পাথরের পৃথিবীতে’ ও ‘প্রেমেরই একটি ছোট্ট ঘর’। ‘চিরদিনের সাথি’ ও ‘এই রাত ডাকে ওই চাঁদ ডাকে’ গান দুটি পরিবেশন করেন পাপড়ি ভট্টাচার্য ও রিজোওয়ান লাভলু। জুয়েল পাল ও এনি খানের গাওয়া ‘তুমি আমার কত চেনা’ ও ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ গানের সঙ্গে গলা মেলান শ্রোতারাও। সবশেষে ছিল সুপ্রিয়া মজুমদার ও দেবাশীষ চৌধুরীর ‘আমি একদিন তোমায় না দেখিলে’ ও ‘তুমি আমার মনের মাঝে’।
গানের ফাঁকে কথামালা নিয়ে মঞ্চে আসেন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক লিটন মিত্র, অভিনেতা পঙ্কজ বৈদ্য, গীতিকার ফারুক হাসান ও সুরকার আলাউদ্দীন আলমগীর।