গানে ছন্দে সারা বেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে’—সুনন্দা সরকারের কণ্ঠে এই গান শোনামাত্র সরব হয়ে ওঠে ইডেন মহিলা কলেজের সম্মেলনকক্ষ। ‘দিনবদলের দিনে/ জাগুক প্রাণ নতুন কথায় ও গানে’ স্লোগান সামনে রেখে দেড় মাসব্যাপী সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার সমাপ্তি হয় ১৭ জানুয়ারি। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে সকাল থেকে উৎসবমুখর হয়ে ওঠে ইডেন কলেজ প্রাঙ্গণ। গান, নাচ আর আবৃত্তির ফাঁকে ফাঁকে চলছিল পুরস্কার বিতরণ।বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এহসানী খানমের সঞ্চালনায় চমৎকারভাবে সম্পন্ন হয় পুরস্কার বিতরণী। ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী আফসান আউয়াল গানের তিনটি বিভাগে অংশ নিয়ে দুটিতে প্রথম ও একটিতে দ্বিতীয় হয়ে দারুণ খুশি। উচ্ছ্বসিতভাবে জানান, বাফায় নজরুলসংগীতে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গল্প। নজরুলসংগীত ও রবীন্দ্রসংগীতে প্রথম স্থান অধিকারী রিফাত আরা তমার মতে, ‘প্রথম হতেই হবে, এমন কোনো কথা নেই। গান গাইতে ভালো লাগে। আমার গান যেন সবার ভালো লাগে—এটাই প্রত্যাশা করি।’ সাবরিনা সিরাজ শেষ বর্ষের ছাত্রী। উপস্থিত বক্তৃতা, বিতর্ক রচনা প্রতিযোগিতা, ধারাবাহিক গল্প বলা—কোনো বিষয়ে পিছিয়ে নেই। প্রতিবছর তিনি পুরস্কার পেয়ে অন্যদের অংশগ্রহণে উৎসাহিত করেন, কারণ, প্রতিযোগিতায় অংশ নিলে আত্মবিশ্বাস বাড়ে। অপর্ণা হাই তন্দ্রা ও বিভামীর ধিম তা না না এবং ঝিলিমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউখেলানোর মতো নিজেরাও দর্শককে নাচিয়ে দিয়ে যান। এ ছাড়া পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পূজারিনী ব্যানার্জি, দীপা রায় দ্বীপ, সাফিয়া ইতি, লোপা ও জুলেখা। গত তিন বছর থেকে নিয়মিতভাবে সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর আন্তরিকতায়—জানালেন একজন শিক্ষক। প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে ১৫টি বিষয়ে এ প্রতিযোগিতা হয়ে থাকে।