গানে-নাচে মাতল পটিয়ার ডাকবাংলো আম্রকানন
সূর্য তখনো জাগেনি, জেগে উঠেছিল ছোট্ট মফস্বল শহরটা। পথে মানুষের মিছিল, সবার গন্তব্য পটিয়ার ডাকবাংলো আম্রকানন। এখানে বসেছে মেলা, দেখতে দেখতে লোকে লোকারণ্য হয়ে গেল আম্রকানন। গান, কথা আর নাচের অপূর্ব আয়োজনে পটিয়ায় পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়েছে এবার। সম্মিলিত বর্ষবরণ উদ্যাপন পরিষদের উদ্যোগে ১৩ ও ১৪ এপ্রিল এ আয়োজন হয়। সকাল সাড়ে আটটায় বিভিন্ন সংগঠনের পরিবেশনা ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান দিয়ে বৈশাখ বরণ করা হয়। ১১টায় ছিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। পরে মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন। বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দীন আহমদ, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, শিক্ষক ছগীর মোহাম্মদ, মুহাম্মদ ছৈয়দ, আ ম ম টিপু সুলতান চৌধুরী, হারুনুর রশিদ ছিদ্দিকী প্রমুখ।অনুষ্ঠানে ছিল নৃত্য, পুঁথিপাঠ, দেশাত্মবোধক ও আঞ্চলিক গান। রাসেল সংগীতাঙ্গনের একঝাঁক শিশু-কিশোরের পরিবেশনা, সচেতন নাগরিক কমিটি (সনাক) ইয়েসের দুর্নীতিবিরোধী ‘জাগো মানুষ জাগো’, খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমির পাঁচমিশালি গান ও বর্ণরেখা খেলাঘর আসরের ‘এসো সেতু গড়ি’ গান ছিল চমৎকার। রাতে খ্যাপা পাগলার প্যাঁচাল নাটক মঞ্চস্থ হয়, শত শত দর্শক এ নাটক উপভোগ করেন। ১৩ এপ্রিল বিকেলে বর্ষবিদায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিবিদ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। সন্ধ্যায় ছিল সংগীতানুষ্ঠান ও নাটক বর্ণচোরার মঞ্চায়ন।