গানে শপথে মুখর তারুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার ফয়’স লেকে প্রথম আলো-বাংলালিংক মাদকবিরোধী কনসার্টে গান করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, জুয়েল শীল
গত শুক্রবার ফয়’স লেকে প্রথম আলো-বাংলালিংক মাদকবিরোধী কনসার্টে গান করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, জুয়েল শীল

বিকেল সাড়ে চারটা। পশ্চিম দিকে মুখ করা মঞ্চটিতে তখনো উত্তাপ ঢেলে চলেছে সূর্য। দর্শকেরাও ঘামছিলেন গরমে। এমন গুমোট পরিবেশে মঞ্চে উঠেই ঠান্ডা এক ঝলক হাসির হাওয়া বইয়ে দিলেন অভিনেতা সাজু খাদেম।
গত শুক্রবার নগরের ফয়’স লেকে অনুষ্ঠিত বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্টের শুরুটা হয়েছিল এভাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাপ যতই কমেছে ততই বেড়েছে কনসার্টের উত্তেজনা। গানে গানে মাদককে ‘না’ বলার শপথে অংশ নিতে দেশের সংগীতজগতের তারারা হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে।
শুরুতে গান করতে মঞ্চে ওঠেন ক্লোজআপ তারকা রিংকু। তিনি একে একে গাইলেন ‘ও সাথি একবার এসে দেখে যাও’, ‘তোমার লেখা গান’, ‘নারী হয় লজ্জাতে লাল’।
রিংকুর আসর জমানো গানের পর মঞ্চে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। ‘পৃথিবীর যত সুখ’ গানটি শুরু করার পর ন্যান্সির সঙ্গে গলা মেলালেন উপস্থিত দর্শকেরাও। ‘ভেতর বলে দূরে থাকো, বাহির বলে আসুক না’, ‘আমি তোমার মনের ভেতর’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শক মাতান তিনি।
আসিফ আকবর এসেই গাইলেন ‘বদলে যাও, বদলে দাও’ গানটি। এরপর ‘ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়’ গানটি যখন গাইছিলেন তখন দর্শকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। তাঁর সঙ্গে গলা মিলিয়ে নেচেগেয়ে একাত্ম হলেন দর্শকেরা। পপসম্রাট আজম খানের স্মৃতির উদ্দেশে আসিফ গাইলেন ‘আলাল ও দুলাল’ গানটি। আসন্ন বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচে বাংলাদেশের জয় কামনা করে গাইলেন ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’। এরপর বিদায় নেওয়ার পালা। তবে কিছুতেই মঞ্চ থেকে আসিফকে নামতে দেবেন না দর্শকেরা। দর্শকদের দাবি মেটাতে তাই তাঁকে গাইতে হলো ‘উড়ো মেঘ তোর মনে আমি লাগাম দেব’ গানটি।

কথামালায় মাতিয়ে রাখেন অভিনেত্রী নিপুণ
কথামালায় মাতিয়ে রাখেন অভিনেত্রী নিপুণ

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সাজু খাদেম তাঁর কৌতুকের ডালি নিয়ে হাজির হন দর্শকদের সামনে। মাঝে তাঁর সঙ্গে যোগ দেন অভিনেত্রী নিপুণ। নিপুণের সঙ্গে সাজুর খুনসুটি দারুণ উপভোগ্য ছিল। সাজুর একগাদা প্রশ্নের উত্তর বেশ দক্ষতার সঙ্গেই দিয়েছেন নিপুণ।
এরপর মঞ্চে আসেন চিরকুট ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডের ভোকাল সুমি এসেই শুরু করেন ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’। গানটির মাঝে গিটারে বেজে ওঠে জাতীয় সংগীতের সুর, তখন দর্শকেরা দাঁড়িয়ে জাতীয় সংগীতকে সম্মান জানান।
চিরকুটের ‘বন্ধু তুই আমার ঘরে আয়’ গানটি মন ছুঁয়ে যায় দর্শকের। তবে দর্শকেরা গলা মেলান ‘কানামাছি সত্য, কানামাছি মিথ্যা’ গানটির সঙ্গে।
দিনের বয়স বাড়তে থাকে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে পাহাড় ও লেককে সঙ্গী করে গড়ে ওঠা মঞ্চটিতে। মঞ্চে আসেন জনপ্রিয় ব্যান্ড এলআরবির শিল্পীরা। চেনা পরিবেশ, এই চট্টগ্রামের আলোতেই বেড়ে উঠেছেন দেশের সংগীতজগতের বড় তারকা আইয়ুব বাচ্চু। এসেই বললেন ‘তোয়ারা বেআয়াগুন ভালা আছনি?’ শুরু করলেন ‘তোমাকে দিয়ে কিচ্ছু হবে না’ গানটি দিয়ে। আর শেষে গাইলেন ‘যদি চাও বলতে পারো আর না আর না’। মাঝখানে একনাগাড়ে গাইলেন ‘রাখে আল্লাহ মারে কে’, ‘অভিলাষী আমি, অভিমানী তুমি’, ‘মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’সহ এলআরবির হিট গানগুলো। পরে আইয়ুব বাচ্চুর অনুরোধে আবারও মঞ্চে আসে চিরকু্ট। এই ব্যান্ডের শিল্পীরা গাইলেন ‘জাদুর শহর চট্টগ্রাম’সহ কয়েকটি গান। রাত নয়টায় শেষ হয় এই আসর।
কনসার্টের এক ফাঁকে কথা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজিবুল করিমের সঙ্গে। তিনি বলেন, ‘মাদক গ্রহণকারীরা অপরাধী নয়, তারা পরিস্থিতির শিকার। আমাদের দরকার তাদের চিকিৎসার ব্যবস্থা করা, সচেতন করা। দেশের তারকা শিল্পীরা যখন মঞ্চে উঠে মাদককে না বলার শপথ নেন, তখন আমরা কী করে মাদকের প্রতি আকৃষ্ট হই? এ রকম অনুষ্ঠানের মাধ্যমে মাদকমুক্ত থাকার প্রেরণা পাওয়া যায়।’