গানে ‘আমি তোমার কথা বলেছি’
নগরের সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন, খেলা-মেলা আর উৎসব-পার্বণের প্রিয়মুখ শাহরিয়ার খালেদ। কিন্তু সব ছাপিয়ে তাঁর বড় পরিচয় তিনি একজন শিল্পী। তাঁর গান বিশেষ করে হারানো দিনের গান শ্রোতাদের নিয়ে যায় সোনালি অতীতে। গান শুনে কেউ মুগ্ধ হন, কেউ ফিরে যান ফেলে আসা দিনগুলোতে। ১৬ এপ্রিল সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘আমি তোমার কথা বলেছি’ শীর্ষক অনুষ্ঠানে শ্রোতাদের মন জয় করেন তিনি। অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তন কানায় কানায় ভরে যায়। তাঁদের কেউ শাহরিয়ারের গুরু, কেউ তাঁর গানের ভক্ত, কেউ এ নগরের সংস্কৃতিকর্মী। আবৃত্তিকার রাশেদ হাসানের সঞ্চালনে শুরুতে আশিসবাণী শোনান শাহরিয়ারের দুই সংগীতগুরু ওস্তাদ মিহির লালা ও আর্য্যসংগীত বিদ্যাপীঠের সহঅধ্যক্ষ নির্মলেন্দু চৌধুরী। তাঁদের কথামালায় উঠে আসে সংগীতের সেকাল-একাল। আরও বক্তব্য দেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক জহির উদ্দিন আহমদ। প্রখ্যাত সংগীতজ্ঞ অকিল বন্ধু ঘোষের ‘আমি তোমার কথা বলেছি’ গেয়ে শাহরিয়ার সূচনা করেন সংগীতপর্ব। একে একে গেয়েছেন ৩১টি গান। অবশ্য গানের ফাঁকে ছিল হালকা চালের কথাবার্তা। তিনি স্বচ্ছন্দ ছিলেন মান্না দের ‘জড়োয়ার ঝুমকো থেকে’, ‘ললিতা ওকে আজ চলে যেতে বল না’, সদ্য প্রয়াত পিন্টু ভট্টাচার্যের ‘এক তাজমহল গড়ো’, অকিল বন্ধু ঘোষের ‘সেদিন চাঁদরাত’, ‘আমি বলতে ভুলে গেছি’, ‘না হয় মন দিতেই তুমি পার না’, শচীন দেব বর্মণের গাওয়া ‘তুমি আর নেই সেই তুমি’, ও মো. রফিকের ‘তোমাদের আশীর্বাদের এই শতদল মাথায় রাখি’ প্রভৃতি গানে।ইদানীং জনপ্রিয় বাংলা গানের সুরে কথা বসিয়ে হিন্দি গান হচ্ছে। শাহরিয়ারের অনুষ্ঠানে এ রকম কিছু গান ছিল উপভোগ্য। সলিল চৌধুরীর সুরে হেমন্তের গাওয়া ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’ গানের হিন্দি মুকেশের গাওয়া ‘কাঁহি দুর যাব দিন ঢাল যায়ে’ এবং শ্যামল মিত্রের গান (সুর: সলিল চৌধুরী) ‘আহা ঐ আঁকাবাঁকা যে পথ’ গানের হিন্দি তালাদ মাহমুদ ও লতার ‘আহা রিমঝিম কি ইয়ে পেয়ারি পেয়ারি’ দুই জোড়া গানই মানিয়ে ছিল শাহরিয়ার খালেদের কণ্ঠে। আরও একটি গানের কথা বিশেষ ভাবে বলতে হয়—লুকোচুরি চলচ্চিত্রে কিশোর কুমার ও লতার গাওয়া ‘এই তো হেথায় কুঞ্জছায়া’ গানটি ভালো গেয়েছেন শাহরিয়ার। অনুষ্ঠানটি আরও সুন্দর হতো যদি ‘এই তো হেথায়’ গানের সময় সাউন্ড ব্যালেন্স ঠিক হতো। পরের গানগুলোতে অবশ্য এ সমস্যা ছিল না। সুন্দর বাঁশি বাজিয়েছেন জালাল আহমদ। এ ছাড়া তবলায় সাখাওয়াত হোসেন, লিড গিটারে শাহজাহান, কি-বোর্ডে মিন্টু ও বেহালায় শ্যামল ছিলেন মনোযোগী।