
‘গানের খাতায় স্বরলিপি লিখে কী হবে’ শিল্পী মাহমুদুন্নবীর এই গানটি আজও শ্রোতাদের মন উচাটন করে। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি) শিল্পী শাহরিয়ার খালেদ হলভর্তি দর্শককে মাহমুদুন্নবীর গান শুনিয়ে বাংলা গানের মন উচাটন করা সোনালি দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেলেন।
মাহমুদুন্নবীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে একাডেমি অব সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজের উদ্যোগে এই সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। সংগীতসন্ধ্যার শুরুতে ছিল কথামালা। বক্তব্য দেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, অধ্যাপক গাজী সালাউদ্দীন, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, শিল্পী কাজী আয়েশা খানম ও খালেদা আকতার চৌধুরী।
দুই ঘণ্টার অনুষ্ঠানে শাহরিয়ার গাইলেন ‘তুমি যে আমার কবিতা’, ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’, ‘গীতিময় এই দিন সেই দিন চিরদিন রবে কি’, ‘বড় একা একা লাগে’, ‘সে যেন আমার চোখে নতুন আলো জড়িয়ে দিল’, ‘এই স্বপ্ন দিয়ে ঘেরা দিন রাত ধরে’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে’, ‘আমি যে তোমার ওগো আপন ভেবে’, ‘প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে’, ‘এক অন্তবিহীন স্বপ্ন ছিল’, ‘ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই আমি’, ‘ওগো রূপসী তোমারে ভালোবেসেছি’, ‘যারে আমি মন দিয়েছি, সে মেয়ে কনক চাঁপার কলি’সহ বেশ কিছু গান।
শাহরিয়ারের কণ্ঠে মাহমুদুন্নবীর গান শুনে মুগ্ধ মিলনায়তনের দর্শক–শ্রোতারাও গলা মেলালেন। গানের ফাঁকে ফাঁকে চলল কথামালা। দর্শকদের মাহমুদুন্নবীর জীবনী পাঠ করে শোনান মো. মুজাহিদুল ইসলাম ও শ্রাবন্তী দাশ গুপ্তা। ‘আমি আজ সব ভুলে গেছি’ শিরোনামের গান পরিবেশনের মাধ্যমে শেষ হয় গানের আসর। সব মিলিয়ে শাহরিয়ার খালেদ গাইলেন ২৫টি গান।
আয়োজনে একোর্ডিয়ান বাজান সাইদুল হক, তবলায় ছিলেন শিবু চৌধুরী, কি-বোর্ডে শহীদুল্লাহ কায়সার, লিড গিটারে মো. আমির, বেহালায় শ্যামল দাশ ও পারকিউশন বাজান মুহাম্মদ ফারুক।