গানের ট্রেন, প্রাণের ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়া রোদের তপ্ত দুপুর। সারা দিনের ক্লাস শেষে ক্লান্ত শরীর নিয়ে ছুটতে ছুটতে পৌঁছানো। অতঃপর ব্যস্ত হয়ে বসার জায়গা খোঁজা। পেলে আরাম করে বসে পা দুটোকে বিশ্রাম দেওয়া, আর না পেলে ওই পা দুটোই সম্বল ভার বহনের। জায়গা করে নিতে পেরে একটু যেন ঝিমুনি এসে যায়। সাইরেনের শব্দে সকচিত হয়ে চোখ মেলতেই নজরে আসে চলন্ত ট্রেনে ওঠার জন্য অনেকের সে কী প্রাণান্ত (নাকি প্রাণনাশী?) চেষ্টা! শেষমেশ জায়গা পাওয়া না গেলে ছাদেই হয় স্থান! ছাদে কেন বসতে হবে? এত ঝুঁকি কেন নিতে হবে? এসব দেখে নিজেকে আজকের জন্য ভাগ্যবান ভাবতেই ভাবতেই হঠাৎ কানে আসে ‘...দূরে ছুটে চলে রাতের ট্রেন, পেরিয়ে যায় আমার সুখের শহর...’ মুহূর্তেই মধ্যদুপুর থেকে গানের বাহনে চড়ে মন চলে যায় কোনো এক রাতের ট্রেনে। ভর করে নষ্টালজিয়া। শুধু কি রাতের ট্রেন? গানের বাহন কখনো নিয়ে যায় রূপ সাগরে ঝলক মারতে, কখনো নির্জনতায় একা হতে, কখনো বা স্রেফ টুনীর মায়ের কাছে নালিশ করতে। এসবই চলে আমাদের প্রাণের ট্রেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে।প্রায় প্রতিটি বগিতেই আছে গায়ক দল, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। বাংলা, ইংরেজি এমনকি চাকমা গানও এরা গেয়ে যায় অনায়াসেই। দলের সবাই গায়ক, লাজুক, মুখচোরা যে ছেলেটি হয়তো ঠিকমতো কথাও বলে না, তাকেও দেখা যায় গলা ছেড়ে গান গাইতে। আরও আছে বাদকবৃন্দ। ট্রেনের দেয়ালে হাতের তালে তাদের তৈরি বাজনার সঙ্গে প্রতিযোগিতায় নামে, এমন সাধ্য কি আছে কোনো ড্রামের?গায়ক দলের ওপর থেকে চোখ সরাতেই চোখে পড়ে ট্রেনের দেয়াল। ‘ছ্যাঁক খেয়েছে আবুল ভাই, সুন্দরী তোর রক্ষা নাই,’ ‘একা ইজ বেটার দ্যান ছ্যাঁকা!’—চোখে পড়তেই না হেসে উপায় থাকে না। অন্য দৃশ্যও বিরল নয়। পুরো ট্রেনের বাইরের দেয়ালেও শোভা পায় ’৫২-এর ভাষা আন্দোলন, সাতই মার্চের ভাষণ, ’৭১-এর মুক্তিযুদ্ধ, পয়লা বৈশাখ, আদিবাসী সংস্কৃতির ছবিসংবলিত স্টিকার। গান শোনা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। এভাবে গান শুনতে শুনতেই গন্তব্য পৌঁছানো। ট্রেন থামলে নেমে যাওয়ার তোড়জোড় করতে করতেই কখনো কানে ভেসে আসে, ‘দোস্ত, গানটা দারুণ হইসে’ কিংবা ‘কালকে এইটা গাব।’ এভাবেই সারা দিনের ক্লান্তি শেষে গানের ট্রেনে ভর করে আমাদের নিত্য ঘরে ফেরা।