গানের পাখি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হরিনগর গ্রামে পল্লবী দাশের জন্ম। পড়ছেন সিলেটের এমসি কলেজে গণিত বিষয়ে। স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী পল্লবী বন্ধুবান্ধবদের কাছে ‘মৌ’ নামে পরিচিত। গান, নাচ আর অভিনয়, তিন মাধ্যমেই সুনাম অর্জন করেছেন। কলেজ তো বটেই, ক্যাম্পাসের বাইরের মানুষজনও এখন তাঁকে একনামেই চেনে। পরিচিতজনেরা বলেন ‘গানের পাখি’।
সিলেট বেতারের লোকগানের তালিকাভুক্ত শিল্পী পল্লবী পড়াশোনায়ও ভালো। কলেজে তাঁর ফলাফল প্রথম বর্ষে জিপিএ-৩.৩৬ ও দ্বিতীয় বর্ষে জিপিএ-৩.৪১। বাবা মহিপাল দাশ এবং মা প্রগতি পুরকায়স্থ—দুজনেই পেশায় শিক্ষক।
পল্লবী কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের সহসাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সংগীত বিভাগে দ্বিতীয় বর্ষের পাঠ গ্রহণ করছেন। লালন সাঁই, রাধারমণ, উকিল মুনশি, শাহ আবদুল করিম, দুর্বিন শাহ, রজব দেওয়ানসহ হাওরাঞ্চলের প্রখ্যাত গীতিকারদের লেখা লোকগানই বেশি গেয়ে থাকেন।
শৈশবে নিজের উপজেলায় নানান ধরনের সাংস্কৃতিক পরিবেশনায় পুরস্কৃত হয়েছেন পল্লবী। ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে লোকগানে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক পেয়েছেন। সে প্রতিযোগিতায় তাঁর দরদি কণ্ঠের গাওয়া ‘আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে’ গানটি বিচারকদের মন জয় করে নেয়। ২০১৭ থেকে ২০১৯ সাল টানা তিনবার সিলেট বিভাগীয় আন্তকলেজ প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে লোকসংগীতে প্রথম হন।
গানের পাশাপাশি নাচেও একজন সফল শিল্পী হিসেবে মঞ্চ মাতাচ্ছেন পল্লবী। ছন্দ নৃত্যালয় সিলেটের সঙ্গে সম্পৃক্ত এই শিল্পী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট পরিভ্রমণের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ‘ঘ’ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এ ছাড়া জাতীয় পর্যায়েও পুরস্কার পেয়েছেন। তাঁর নৃত্যগুরু নৃত্যশিল্পী বিপুল শর্মা। বেসরকারি টিভি চ্যানেল ‘আরটিভি’র ‘ডাবল বাটিকা ক্যাম্পাস স্টার’ প্রতিযোগিতায় সেরা বিশের একজন হিসেবে এখন লড়ছেন। প্রতি শনি ও রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় এই প্রতিযোগিতা ‘আরটিভি’তে প্রচারিত হচ্ছে। এ প্রতিযোগিতায় একজন প্রতিযোগীকে গান, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিতে হয়।
পল্লবী দাশ বলেন, ‘লেখাপড়া শেষ করে বিসিএস দিতে চাই। তবে গান আমার মনেপ্রাণে জড়িয়ে রয়েছে। ভবিষ্যতে চাকরির পাশাপাশি গানেও প্রচুর সময় দিতে চাই। একজন প্রকৃত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই। পাশাপাশি হাওরাঞ্চলের লোকগানকে শুদ্ধ ও প্রকৃত সুরে অবিকৃতভাবে শহুরে মানুষের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই।’