গানের পাখি রেঁধে খাওয়া!

ছোট্ট তুলতুলে শরীর। বাদামি পালকে খয়েরি ডোরা। মিষ্টি গলার গানের পাখি ওখতুলোঁ। কিন্তু ফরাসি দেশে ওখতুলোঁর বিশেষ কদর গান নয়, এর মাংসের অমৃত স্বাদের জন্য! বিশেষভাবে রেঁধে অভিজাত ক্রেতার পাতে এই গানের পাখি তুলে দিতে মরিয়া হয়েছেন দুনিয়াসেরা ফরাসি পাচকরা! অথচ গত শতকে ফ্রান্সসহ ইউরোপের বেশির ভাগ দেশেই নিষিদ্ধ হয়েছে ওখতুলোঁ শিকার। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ফ্রান্সের চার শীর্ষ পাচক ওখতুলোঁ শিকারের নিষেধাজ্ঞা শিথিল করে বছরে অন্তত একবার বা এক সপ্তাহান্তে ওখতুলোঁ রেঁধে খাওয়ানোর সুযোগ করে দেওয়ার জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করেছেন। লো প্যারিজ্জিয়া পত্রিকাটি জানিয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাচক অ্যালান দুকাসেসহ চারজন বিশিষ্ট পাচক সরকারের কাছে ওই আবেদন করেছেন।
নবজাতকের হাতের মুঠির সমান আকারের ওখতুলোঁ কেবল ফ্রান্স নয়, পর্তুগাল, স্পেনসহ ইউরোপের অনেক দেশেই সংরক্ষণের মর্যাদা লাভ করেছে। ১৯৯৯ সালে জারি করা ওই নিষেধাজ্ঞার কারণে চাহিদা থাকা সত্ত্বেও ফ্রান্সের কোনো অভিজাত রেস্তোরাঁই ক্রেতাদের ওখতুলোঁ সরবরাহ করতে পারছে না।
কথিত আছে, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা মৃত্যুর আগে শেষ ভোজে একটা ওখতুলোঁ খেয়েছিলেন। এই গানের পাখি রান্নার আবার নানা বিশেষ পদ্ধতি আছে। এর মধ্যে খুবই জনপ্রিয় একটি পদ্ধতি হলো, পাখিটিকে জোর করে খাওয়াতে খাওয়াতে মেরে ফেলে আরমানিয়াক ব্র্যান্ডিতে চুবিয়ে রাখা। ভালো করে মেরিনেড করা হলে আস্ত পাখিটিকে ওভেনে রোস্ট করে ফেলা।
রেস্তোরাঁতেই হোক কি বাড়িতে, ওখতুলোঁ খাওয়ার বিশেষ কেতা আছে। এই পাখির রোস্ট খাওয়ার সময় একটা সাদা রুমালে পুরো মুখ ঢেকে রেখে আস্ত পাখিটা একবারে মুখে পুরে ফেলতে হয়। তারপর ধীরে ধীরে চিবিয়ে পাখির ছোট্ট হাড়গোড় মুখ থেকে ফেলে দিতে হয়।
ওখতুলোঁ খাওয়ার সময় কেন সাদা রুমালে মুখ ঢেকে রাখা হয়, তা নিয়ে একাধিক মত প্রচলিত আছে। কেউ কেউ বলেন, মুখ থেকে পাখির হাড়গোড় বের করে দেওয়ার সময় এই রুমালের আড়ালে তা আরামসে করা যায় বলে। কেউ বলেন, এভাবে রুমালে মুখ ঢেকে রাখলে নাকে-মুখে সুস্বাদু ওখতুলোঁর সুবাস জড়িয়ে থাকে বলে। আর কেউ কেউ মনে করেন, একটা গানের পাখি রেঁধে খাওয়ার লজ্জা থেকে বাঁচতেই সাদা রুমালে মুখ ঢেকে রাখা!