গানের পাখি সায়ন্তনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম সায়ন্তনী প্রজ্ঞা। পড়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে। বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষে। শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে তার সমান বিচরণ। রবীন্দ্র, নজরুল ও দেশাত্মবোধক গান—সংগীতের এই তিন শাখাতেই প্রজ্ঞা অদ্বিতীয়। কি কলেজের, কি বাইরের প্রতিযোগিতা—সবখানেই সায়ন্তনী একই রকম প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। তাই সে কলেজের শিক্ষকদের যেমন স্নেহভাজন, তেমনি তার সহপাঠীদের কাছে একজন প্রিয় মুখ।নিউ গভ. ডিগ্রি কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীতের তিনটি বিভাগে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে সায়ন্তনী প্রজ্ঞা প্রথম স্থান অধিকার করেছে। রাজশাহী আন্তকলেজ প্রতিযোগিতায় রাজশাহী জেলা এবং বিভাগে রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গানেও প্রজ্ঞার অবস্থান প্রথম। এ ছাড়া রাজশাহী সাংস্কৃতিক উৎসব ২০১১ তে রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গানে সায়ন্তনী জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে।বর্তমানে সায়ন্তনী কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ‘খ’ শাখার শিক্ষার্থী। সে রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে। রাজশাহী বেতারে নিয়মিত সংগীত পরিবেশন করে সে। চার বছর বয়সে সংগীতে তার হাতেখড়ি ওস্তাদ মঞ্জুশ্রী রায়ের কাছে। উচ্চাঙ্গসংগীতে তালিম নিলেও রবীন্দ্রসংগীতের প্রতি সায়ন্তনীর আগ্রহ। ২০০৫ সালে নতুন কুঁড়ি এবং ২০০৭ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে জাতীয় পর্যায়ে ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করে। রাজশাহীতে সারোয়ার জাহান স্মৃতি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার পায়।গানের কারণে সায়ন্তনী কলেজ ক্যাম্পাসে সবার কাছে প্রিয় মুখ হয়ে উঠেছে। একটি গানকে সুন্দর করার জন্য একজন শিল্পীর যা যা দরকার, সব গুণ তার রয়েছে। ভবিষ্যতে সে অনেক ভালো গান উপহার দিতে পারবে। বিতর্কে এ কলেজের এক উজ্জ্বল প্রতিভা মেধাবী শিক্ষার্থী আদিবা তাবাসসুমের মতে, সায়ন্তনী প্রজ্ঞার কণ্ঠে রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত—দুটোই সুন্দর হয়। আবার দেশের গানও ভালো করে। কলেজ ক্যাম্পাসে সায়ন্তনী গান গেয়ে সবার মন জয় করেছে। ও অনেক বড় শিল্পী হবে।আবৃত্তি ও বিতর্কের আরেক প্রতিভাময়ী শিক্ষার্থী তাসনিম সরকার প্রজ্ঞার প্রিয় সহপাঠীদের একজন। তাসনিম বলে, ‘আমি প্রজ্ঞাকে স্কুল থেকে চিনি। প্রজ্ঞার সব গানই আমার ভালো লাগে। তবে রবীন্দ্রসংগীত আমার খুব পছন্দ। রবীন্দ্রসংগীতের জন্য যে রকম গলা লাগে, তা ওর আছে। আমার মতো কলেজের সবাই ওর গান ভালোবাসে।’কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক সাইদুর রহমান বলেন, সায়ন্তনী সব গানেই সেরা। তার মধ্যে রবীন্দ্রসংগীতে দখল অসাধারণ। লেখাপড়া ও সংগীত—সব দিকেই সে সবার নজর কেড়েছে। লেখাপড়ার পাশাপাশি ভবিষ্যতে রবীন্দ্রসংগীতে সায়ন্তনী উচ্চতর প্রশিক্ষণ নিয়ে রবীন্দ্রসংগীত সম্মেলনে গাইতে চায়। দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও অদিতি মহসিন তার প্রিয় শিল্পী। সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য সে সবার আশীর্বাদপ্রার্থী।