শচীন দেববর্মন থেকে রাশিদ খান। কানন দেবী থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়। উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, অতুল প্রসাদ। প্রিয় গান, প্রিয় শিল্পী নিয়ে লিখেছেন

গানের প্রতি আগ্রহ আমার কিশোর কাল থেকেই। যদিও পরিবারে সংগীতজ্ঞ কেউ ছিলেন না। এক চাচা শুধু ওস্তাদ মুহম্মদ হুসেন খসরুর কাছে গিয়েছিলেন গান শেখার অভিপ্রায়ে। কিন্তু শেষরক্ষা হয়নি। বাবার কণ্ঠ সুরেলা ছিল। ভাইবোনদের ঘুম পাড়াতে গান গাইতেন, বিশেষ করে নজরুলের। ‘নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া,/ আম্মাগো খুন তেরি খুন কিয়া খুনিয়া।’ ব্যস ওই পর্যন্তই। বাড়িতে গ্রামোফোন এসেছিল। প্রায় সব রকমের গানই শুনেছি পর্যায়ক্রমে। বাংলা, হিন্দি—সব গান। এত অজস্র গানের মধ্য থেকে কয়েকটি ভালোলাগার গান বাছাই করা হিমালয় অতিক্রম করার মতো দুঃসাধ্য।
কিছু কিছু সুর আছে, গানের কথা আছে। সেসব সুর কানে এলে, সুরের সঙ্গে কথার যৌথ মিলনে যে আবেগের সৃষ্টি হয়, তার রেশ থেকে যায় অনন্তকাল। কথা নেই কিন্তু সুর? কানে এলেই কথাকে মনে পড়িয়ে দেয়। ভারতীয় রাগসংগীতে কিছু কিছু রাগ আছে। সে রাগের রূপায়ণ প্রতিভাবান কলাবতের হাতে, কণ্ঠে, যে স্বর্গীয় আবেদন সৃষ্টি করে, মায়াজাল তৈির করে মনের গভীরে, দ্রবীভূত হয়ে যায় ষষ্ঠ ইন্দ্রিয়। তূরীয় আনন্দে তখন ভেসে যাই। সৃষ্টিশীলতায় জাগে নতুন উন্মাদনা।
রাগ দেশ-এর কথাই বলি। রাতের দ্বিতীয় ভাগে গাওয়া হয় যে রাগ। আমার প্রিয় উচ্চাঙ্গসংগীতশিল্পী রাশিদ খানের কণ্ঠে ‘নাদান এ জিয়ারা গুম গাওরে’ আমাকে এমন এক আনন্দলোকে টেনে নেয়, ফিরে আসা দুঃসাধ্য। সময়জ্ঞানও তখন লোপ পায়। তাঁর কণ্ঠে ঠুমরি ‘নদীয়া মোরা সঁইয়া’ অথবা ফরিদা খানমের কণ্ঠে ‘শাওন ঘর আয়ি’ তুলনাহীন। এসব রাগ ভেঙে, কি অন্য রাগের মিশ্রণে, কি ছায়াবলম্বনে রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ সৃষ্ট গান নব কলেবরে শ্রোতার কর্ণে নতুন আনন্দ বয়ে নিয়ে আসে এবং সব বাংলা সংগীতের অমূল্য সম্পদ। এঁদের পরেও যাঁরা বাংলা গানকে আরও সমৃদ্ধ করেছেন সুরে এবং কথায়, তাঁদের সৃষ্ট অসংখ্য গান আমার প্রিয়। রাগ নিয়ে এঁরা যে পরীক্ষা–নিরীক্ষা করেছেন, রাগের শুদ্ধতা বজায় রেখেছেন কি রাখেননি, সেটা ধর্তব্য ছিল না। সৃষ্টির উৎকর্ষের অভিপ্রায়ে ওলট–পালট করেছেন। শ্রুতিমধুর হয়েছে কি না, সেদিকে মনোযোগ দিয়েছেন—যার ফলে রক্ষণশীলদের কাঠগড়ায় রবীন্দ্র, নজরুল, অতুলকে দাঁড়াতে হয়েছে। থোড়াই কেয়ার করেছেন তাঁরা। কালের বিচারে তাঁদের নব্যসৃষ্ট গান অমরত্ব লাভ করেছে।

সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান ভৈরবী রাগে ‘আজি যে রজনী যায়’ আমাকে মোহাবিষ্ট করে। ভৈরবী রাগে কোনো ব্যাকরণ না মেনে মুক্তছন্দে জনপ্রিয় ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ কথায় ও সুরে বাঙালি অন্তরের দেশপ্রেমের যে বহিঃপ্রকাশ, তা তুলনাহীন। রাগ অনুসন্ধানে গান উপভোগ করা দুঃসাধ্য। সুর লাগল কি লাগল না তাঁর বিচার পণ্ডিতেরা করুন, শ্রুতিমধুর হলে স্বাভাবিকভাবেই ভাব সামনে এসে দাঁড়ায়। রাগের ছায়া হৃদয় কন্দরে জানান দেয়। ওস্তাদ বিলায়েত খানের সেতারে একটা ধূন শুনেছিলাম। মন মাতিয়েছিল, শোনার সঙ্গে সঙ্গে মনের কোণে উঁকি দিল বাউল, কীর্তন মেশানো রাগ আলাহিয়া বিলাওল রবীন্দ্রনাথ ভেঙে সৃষ্টি করেছেন ‘ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে’।
নজরুলও পরীক্ষা–িনরীক্ষা করেছেন রাগরাগিণী নিয়ে। তবে বাংলা গানে গজল তাঁর অনবদ্য সৃষ্টি। তাঁর প্রচুর গান আমার প্রিয়। ‘বিদায় সন্ধ্যা নামিল ঐ/ঘনায় নয়নে অন্ধকার/হে প্রিয় আমার যাত্রাপথ; করো না অশ্রুপিছল আর’ করুণ রসে মন দ্রবীভূত হয়ে যায়। তেমনি ‘হারানো হিয়ার নিকুঞ্জ পথে/কুড়াই ঝরাফুল একেলা আমি’। যেমন কথার ঐশ্বর্য, তেমনি সুরের মাদকতা। বারবার শুনি। কখনো পুরোনো হয় না। তবে এ দুিট গান গেয়েছেন অনেক শিল্পী—আমার কাছে সন্তোষ সেনগুপ্ত অন্য রকম আবেদন নিয়ে আসেন। মনে রাখা দরকার, নজরুলের গানকে তিনি জনপ্রিয় করেছেন এবং তিনিও জনপ্রিয়তা পেয়েছেন।
রেনুকা সেনগুপ্তের গাওয়া কীর্তনাঙ্গ সুরে ‘যদি গোকুলচন্দ্র ব্রজে না এলো’ অথবা ‘পাগলা মনটারে তুই বাঁধ’—অতুল প্রসাদের এ দুটো গান আমার খুব প্রিয়। তাঁর আরও গান আছে প্রিয়, বলে তো শেষ করা যাবে না। ‘তুমি কবে আসিবে মোর আঙিনায়’, ‘বঁধু এমন বাদলে তুমি কোথা’, ‘কত গানতো হল গাওয়া’—অফুরন্ত অফুরন্ত।

শচীন দেববর্মন আমার প্রিয় গায়ক। অসাধারণ তাঁর গায়িক। আমার বাবার সহপাঠী ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে খুবই স্বল্প সময়ের জন্য। বাবার দুর্বলতা ছিল এবং সেটা উত্তরাধিকার সূত্রে ধারণ করেছি। তাঁর গাওয়া মালকোষ রাগে ‘আমি ছিনু একা, বাসর জাগায়ে’ শৈলেন রায়ের কথায়, হিমাংশু দত্তের সুরে কিংবা ‘গোধূলীর ছায়াপথে’ অজয় ভট্টাচার্যের কথায় বাংলা গানের একটি মাইলস্টোন। অন্যায় হবে যদি উল্লেখ না করি তাঁর গাওয়া আরেকটি গান ‘তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে’—উদাস করা একটি গান। বাংলা গানে হিমাংশু দত্ত রবীন্দ্র, নজরুল, অতুলপ্রসাদ–পরবর্তী যুগে একজন প্রতিভাবান সুরকার। বিভিন্ন রাগের ছায়ায় তাঁর সৃষ্ট গান—যেমন শৈলদেবীর কণ্ঠে ‘রাতের ময়ূর ছড়ালো যে পাখা/ আকাশের নীল গায়/ তুমি কোথায় তুমি কোথায়/ আমার এ গান স্বপনে ভাসিয়া যায়’। বারবার শুনি। পরবর্তী সময়ে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নতুন করে গেয়েছেন। সেটিও শুনি, কারণ ইম্প্রোভাইজেশনের কারণে গানের রেকর্ডিং অপূর্ব এবং সুগীত। তাঁর আরেকটি গান যেটি হিমাংশু দত্ত নিজ কণ্ঠে রেকর্ড করেছিলেন ‘চাঁদ কহে চামেলী গো, হে নিরুপমা/ ফিরালে যদি গো চলে যাই’। অপূর্ব সূর সংযোজনা। পরবর্তীকালে হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ড করেছিলেন—হেমন্তকণ্ঠে আরও দীপ্তিময়।
শৈলেন রায়ের কথায় হিমাংশু দত্তের সুরে শচীন দেববর্মনের কণ্ঠে আমার আর একটি প্রিয় গান ‘প্রেমের সমাধি তীরে’ রাগ দরবাির ভেঙে তৈির।
পঙ্কজ মল্লিক আমার খুবই প্রিয় শিল্পী। তাঁকে বাদ দিয়ে কিছু বলা তো অপরাধ। আধুনিক রবীন্দ্রনাথ, হিন্দি সিনেমার গানের তিনি ছিলেন অলিখিত সম্রাট এবং এখনো। একসময়ে আকাশবাণীর সংগীত শিক্ষার আসরে তাঁর সঙ্গে গলা মিলিয়েছি। তাঁর গাওয়া মেঘমল্লারে রবীন্দ্রনাথের ‘বর্ষা মন্দ্রিত অন্ধকারে’ কিংবা ‘তুমি কি কেবলি ছবি’; কিংবা ‘দিনের শেষে ঘুমের দেশে’, অথবা ‘এমন দিনে তারে বলা যায়’ অন্য কারও গলায় শুনতে ইচ্ছে করে না। হিিন্দ গীত তাঁর গাওয়া ‘ইয়ে রাত ইয়ে মৌসম’, অথবা ‘চাঁদ মেরা নিকলা’ কিংবা জনপ্রিয় ‘ছিয়া মিলনকো জানা’ এখনো প্রতি সপ্তাহে একবার করে শুনি।
কানন দেবী? তাঁর গাওয়া ‘আমি বনফুল গো’, ‘যদি আপনার মনে’ অথবা ‘ওগো সুন্দর মনের গহনে তোমার মুরতি খানি’ এখনো শুনে কৈশোরে ফিরে যাই।
লোকসংগীতও আমাকে খুব টানে। আব্বাসউদ্দিনের কণ্ঠে ভাওয়াইয়া, ভাটিয়ালি যেমন ‘প্রাণ সখীরে’, ‘ওই শোন কদম্বতলায় বংশি বাজায় কে’ অথবা ‘রঙিলা নায়ের মাঝি’ বাংলাদেশ যেন একঝলক মনের গভীরে জেগে ওঠে। শচীন দেবের ‘রঙ্গিলা রঙ্গিলা’ অথবা ‘নিশীথে যাইও ফুলবনেরে ভোমরা’ এককথায় অপূর্ব।
হিন্দি গানে, বিশেষ করে চলচ্চিত্রে নওশাদ, ক্ষেমচাঁদ প্রকাশ, হিিন্দ–বাংলায় সলিল চৌধুরী—সবার গান শুনেই তো সমৃদ্ধ হয়েছি। সুরের অলিতে গলিতে বিচরণ সঙ্গে সাইগল, খুরশিদ তানসেন ছবি আর জীবন মরণ—আমার দেখা প্রথম চলচ্চিত্র। সে আরেক অধ্যায়। সাইগলের কণ্ঠে রবীন্দ্রনাথ ‘আমি তোমায় যত শুনিয়েছিলেম গান’ এখনো একমেবাদ্বিতীয়ম। প্রিয় গানের কিসসার ইতি এখানেই টানি। নইলে গান শোনার মহাভারত লিখতে হবে।