গানের রাজ্যে মন মানে না বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানটির শিল্পী মডেল নোবেল ও অভিনেত্রী অপি করিম। মডেলিং বা অভিনয় করে নয়, একটি গান গেয়েই তাঁরা প্রায় চার হাজার শিক্ষার্থীকে মাতিয়ে তোলেন। গত শুক্রবার বিকেলে ফয়’স লেকে রবির পক্ষ থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এসেছিলেন দেশের নামীদামি তারকারা। কাছে থেকে তাঁদের গান ও কথা শুনে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েছিল সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা ‘মন সে তো বাধা মানে না’র মতো ।বেলা চারটায় উপস্থাপক সাইদুজ্জামান রওশন মঞ্চে ওঠার পর একে একে ওঠেন জনপ্রিয় সব মুখ—নোবেল, অপি করিম, ফেরদৌস, কুমার বিশ্বজিৎ, হূদয় খান ও বাপ্পা মজুমদার। নোবেল বলেন, ‘চট্টগ্রামের ছেলে আমি, তাই চট্টগ্রামের ছোট ভাইবোনদের দেখতে এসেছি। ঢাকার অনুষ্ঠানে যাইনি।’ এরপর মঞ্চে আসে বন্ধুসভার সাংস্কৃতিক দল। একে একে পরিবেশন করে ‘আজ জীবন খুঁজে পাবি’, ‘বদলে দাও, বদলে যাও’, ‘দুর্গম গিরি’, ‘বিজয় কেতন ওড়ে’ ও ‘জাগো বাংলাদেশ’। কুমার বিশ্বজিৎ মঞ্চে এসে প্রথমেই শ্রদ্ধা জানান রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। এরপর বাইশে শ্রাবণ কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে গেয়ে শোনান ‘আমার বেলা যে যায়’ গানটির স্থায়ী। এরপর তিনি ‘ও ডাক্তার’, ‘তোরে পুতুলের মতো’, ‘চতুর্দোলায় চড়ে’, ‘তুমি যদি বল পদ্মা মেঘনা’, ‘একতারা বাজাইও না’ গানগুলো পরিবেশন করেন। তাঁর সঙ্গে কণ্ঠ মেলায় উৎফুল্ল শিক্ষার্থীরাও। গানের ফাঁকে ফাঁকে রসিকতা করে আনন্দ বিলানোর চেষ্টাও করেন তিনি। বলেন, ‘মেয়েরা বোকা বলেই ছেলেদের কথা বিশ্বাস করে। নইলে এক দিনে পদ্মা মেঘনা পাড়ি দেওয়া কারও পক্ষেই সম্ভব নয়।’ ফেরদৌস মঞ্চে এসেই বলেন, ‘ছাত্রদের মধ্যে আমার শালাও আছেন। সে হিসেবে আমি সবার দুলাভাই। আর কুমার বিশ্বজিৎও আমার শালা হবে।’ এ সময় ফেরদৌস মঞ্চে ডেকে নেনব্যাচেলর ছবির নায়িকা অপি করিমকে। অপি বললেন, ‘এখানে কেউ না কেউ ভবিষ্যতে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করবে এবং আমাকে শিক্ষক হিসেবে পাবে।’ কুমার বিশ্বজিৎ তাঁদের জন্য গাইলেন ‘রুমঝুমঝুম বৃষ্টি’ গানটি। হূদয় খান ‘ও মেয়ে’, ‘তুমি যদি কাছে এসো’, ‘কী জ্বালা’, ‘রাত ভোর দিন’, ‘বল না তুই বল না’ ও ‘চাই না মেয়ে তুমি’ গেয়ে সবার হূদয় জয় করে নেন। সবশেষে মঞ্চে আসেন বাপ্পা মজুমদার। তিনি গেয়ে শোনান ‘দিন বাড়ি যায়’, ‘পরি’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘বায়োস্কোপ’, ‘তুমি আমার বায়ান্ন তাস’ ও ‘গাড়ি চলে না’ গানগুলো।